২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুইজারল্যান্ডে পুরস্কৃত শাহরুখ

অভিনেতা, প্রযোজকের পাশাপাশি ক্রিকেট এবং সমাজসেবার জন্য শাহরুখ খান এখন সারা বিশ্বে সুপরিচিত । সুইজারল্যান্ডে মানবাধিকার সচেতনতার জন্য পুরস্কৃত হলেন কিং খান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2018, 09:37 PM

Updated : 11 Oct 2022, 12:02 PM

সোমবার সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ২৪তম ক্রিস্টাল অ্যাওয়ার্ড পেয়েছেন শাহরুখ। তার সঙ্গে এ দিন সঙ্গীতশিল্পী স্যার এলটন জন এবং অস্ট্রেলীয় অভিনেত্রী কেট ব্ল্যানচেটকেও পুরস্কার প্রদান করা হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গেছে, শিশু ও মহিলাদের জন্য সেবামূলক কাজের জন্য দ্য ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের তরফে ক্রিস্টাল পুরস্কারে সম্মানিত করা হয়েছে শাহরুখকে।

শাহরুখ খানের প্রতিষ্ঠান ‘মীর ফাউন্ডেশন’ অ্যসিড হামলায় আক্রান্ত মহিলাদের চিকিৎসা, আইনি সাহায্য, বৃত্তিমূলক শিক্ষার পাশাপাশি পুনর্বাসনের জন্য কাজ করে চলেছে ।

বিশেষ শিশুদের জন্য হাসপাতাল প্রতিষ্ঠা করে ক্যানসার আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসাসহ চাইল্ড কেয়ারেরও ব্যবস্থা করেছেন ।

পুরস্কার মঞ্চে শাহরুখ বলেন, “অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট এবং বিশ্বখ্যাত গায়ক এলটন জনের সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে পুরস্কার নেওয়াটা আমার কাছে দারুণ সম্মানের ।

আমাকে এরকম একটা পুরস্কার দেওয়ার জন্য আমি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে ধন্যবাদ জানাই।”

মঞ্চে তিনি আরও বলেন, “আমি আমার বোন, আমার স্ত্রী এবং আমার ছোট্ট মেয়েকে ধন্যবাদ জানাই, মহিলাদের জন্য কিছু করার বিষয়ে আমাকে উদ্বুদ্ধ করার জন্য ।”