‘মিস ট্যুরিজম ওয়ার্ল্ড-২০১৮’তে বাংলাদেশের প্রিয়তা
বিশ্বব্যাপী পর্যটনকে আরো জনপ্রিয় এবং ছড়িয়ে দেবার লক্ষ্যে প্রতি বছরের মতো এ বছরও মালয়েশিয়াতে আয়োজিত হচ্ছে বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী সুন্দরী প্রতিযোগিতা 'মিস ট্যুরিজম ওয়ার্ল্ড' এর মূল আসর। এতে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ।
পর্যটন দেশগুলোকে আরো বেশি পরিচিত ও ভ্রমনপিপাসুদের কাছে ছড়িয়ে দিতে নিয়মিত আযোজন করা হচ্ছে ‘মিস ট্যুরিজম ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা। নিজের দেশের সৌন্দর্য, সংস্কৃতি আর ঐতিহ্যকে তুলে ধরাই এ প্রতিযোগীদের লক্ষ্য।
সে লক্ষ্য নিয়ে এবার এ প্রতিযোগিতার চূড়ান্ত আসরে অংশ নিচ্ছে বাংলাদেশের প্রিয়তা ইফতেখার।
ইংল্যান্ড ভিত্তিক ভ্রমণ সংস্থা ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের উদ্যোগে ১৯৯১ সাল থেকে এই আড়ম্বরপূর্ণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর চূড়ান্ত আসর বসছে মালয়েশিয়ার মালাক্কাতে।
বিশ্বব্যাপী নারীদের ভ্রমণ আরও সহজ ও সুলভ করতে দীর্ঘদিন কাজ করে আসছেন প্রিয়তা ইফতেখার। একই সাথে তিনি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ব্রান্ড এম্বেসেডর হিসেবেও কাজ করছেন।
নাট্যকলায় পড়াশোনা করা প্রিয়তা ইফতেখার বলেন, “এত বড় একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে এতদূর আসতে পারা নিঃসন্দেহে আনন্দের । এখানে থাকা প্রবাসী বাঙালিরাও আমাকে সমর্থন জানাতে এসেছেন। আমি চাই আমাকে, বাংলাদেশের ঐতিহ্য এবং সংস্কৃতিকে মেলে ধরতে।”
মালাক্কায় আগামী ২৫ জুন আয়োজিত হবে ইন্টারভিউ এবং প্রেজেন্টেশন রাউন্ড। এ পর্বে নিজেদের জাতীয় পোশাক পরবেন প্রতিযোগীরা। ২৭ তারিখ আয়োজিত হবে 'মিস ট্যুরিজম ওয়ার্ল্ড ২০১৮' এর ঝলমলে গ্রান্ড গালা রাউন্ড।
