২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোটি শ্রোতা পৌঁছলো ‘মন খারাপের দেশে’

নতুন নতুন গানে আর প্লেব্যাকের জনপ্রিয়তায় সমসাময়িক শিল্পীদের ছাড়িয়ে গেছেন ইমরান। প্রতিনিয়তই নতুন নতুন গানে জনপ্রিয়তা অর্জন করছেন এ শিল্পী। নতুন বছরে ফের সংখ্যায় কোটি শ্রোতার স্পর্শ পেলেন ইমরান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2018, 06:05 PM

Updated : 19 Aug 2022, 01:28 PM

গেল বছরের ১৫ মে প্রকাশিত হয় ইমরানের ‘মন খারাপের দেশে’ গানটি। শুধু গানেই নয়, রোমান্টিক ঘরানার এ শিল্পী মিউজিক ভিডিওতে পারফর্ম করেও প্রশংসিত হয়েছেন। নতুন মডেল রোতসীর সঙ্গে তার এ গানটি ২৩ জানুয়ারি ইউটিউবে কোটি দর্শক-শ্রোতার স্পর্শ পেলো।

২০১৭ সালে বাংলাদেশে প্রকাশিত সকল মিউজিক ভিডিওর মধ্যে এটাই প্রথম কোনও গান যা এক কোটির ঘর অতিক্রম করলো।

এ প্রসঙ্গে ইমরান বললেন, “এটা খুবই আনন্দের খবর। বছরের শুরুতেই এমন একটি মাইলফলক ছুঁতে পেরে আমি আনন্দিত। এর কৃতিত্ব মোটেই আমার একার নয় বরং সংশ্লিষ্ট সবার।

কৃতজ্ঞতা জানাই এর প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি’র প্রতি। আর দর্শক-শ্রোতাদের প্রতি ভালোবাসা তো থাকছেই।

আমি মনে করি গেল বছরে প্রকাশিত অসংখ্য গানের ভিড়ে আমাদের এই গানটি সবচেয়ে সফল- সেটাই প্রমাণ হলো ইউটিউবের এই কোটি ভিউর মাধ্যমে।”

‘মন খারাপের দেশে’ গানটির সুর করেছেন নাজির মাহমুদ। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু আর লিখেছেন শরীফ আল-দীন। অন্যদিকে ইমরান ও রোতসীকে মডেল করে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

অডিও বাজারের মন্দাকালে মাত্র ৮ মাসে ভিডিওটির ভিউ কোটির ঘর পেরোনোতে আনন্দিত প্রযোজনা প্রতিষ্ঠান সিমভিও।

গানটি প্রসঙ্গে এর প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ বলেন, “এটা আমাদের জন্য বড় একটা প্রাপ্তি। ভাবতে ভালো লাগছে গত বছর প্রকাশিত অসংখ্য ভালো ও আলোচিত গানের ভিড়ে আমাদের এই গানটি এখন সবচেয়ে এগিয়ে আছে ইউটিউবে।

শুদ্ধ বাংলা গান বিকাশের লক্ষ্যে এটা আমাদের চলার পথে উৎসাহ হয়ে থাকলো। গানটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। কৃতজ্ঞতা সকল শ্রোতা-দর্শকদের প্রতি।”