২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাকিবের প্রশ্ন, ‘বিশেষ মহলটা কে?’

রবিবার ঢাকায় ফিরেই শাকিবের প্রশ্ন, ‘বিশেষ মহলটা কে?’

সাইমুম সাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2018, 02:13 PM

Updated : 08 Apr 2022, 05:47 PM

চলচ্চিত্রের শ্যুটিং শেষে দেড়মাস পর রোববার ঢাকায় ফিরেছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। এর আগে ‘বিশেষ মহলের চাপে দেশে ফিরছেন শাকিব’-এমন শিরোনামে খবর এসেছে একাধিক অনলাইন সংবাদপত্রে। তিনি প্রশ্ন তুললেন, ‘বিশেষ মহলটা কে?’

শাকিব-অপুর বিচ্ছেদ প্রক্রিয়ার অংশ হিসেবে ১৫ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিনএসিসি) পারিবারিক আদালতে ডাক পড়েছে তাদের। সালিশে অপু হাজির হলেও অনুপস্থিত ছিলেন শাকিব।

তার সাতদিনের মাথায় বিভিন্ন অনলাইন গণমাধ্যমে খবর আসে ‘বিশেষ মহলের চাপে’ দেশে ফিরছেন এ চিত্রনায়ক। এমন খবরে বেশ চটেছেন শাকিব।

সোমবার রাতে গ্লিটজকে তিনি জানান, ‘ভিত্তিহীন এ সংবাদের’ উৎসও খুঁজছেন তিনি।

তার প্রশ্ন, “বিশেষ মহলটা কে? আমি জানতে চাই। আমি কী বাংলাদেশের চোর নাকি শীর্ষ সন্ত্রাসী? আমি কী দেশের বাইরে পালিয়ে আছি যে, বিশেষ মহলের চাপে দেশে ফিরতে হবে?”

বরং দেশের বাইরে বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরছেন বলে উল্লেখ করে তিনি বলেন, “দিন-রাত খাটছি পৃথিবীতে বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তি তৈরি করার জন্য। শাকিব খানের জন্য ১০০ কোটি রুপি ইনভেস্ট করতে চায় বিদেশী প্রযোজনা সংস্থা।

যেখানে আমি, জয়া আহসানের  মতো মানুষরা দেশের বাইরে ভালো একটি অবস্থান তৈরি করছি তখন কিছু কুচক্রী মহল আমার বিরুদ্ধে লেগেছে।”

তিনি আশংকা করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়েও ‘ভুঁইফোড়’ অনলাইন গণমাধ্যমগুলো ভূয়া সংবাদ প্রচার করবে। সেক্ষেত্রে সেই সংবাদ মাধ্যমের প্রতি এখনই সরকারের নজর রাখা উচিত।

দিন সাতেক ঢাকায় বিশ্রাম নিয়ে আগামী সপ্তাহেই অস্ট্রেলিয়ায় উড়াল দেবেন তিনি। সেখানে আশিকুর রহমানের ‘সুপার হিরো’ চলচ্চিত্রের শ্যুটিংয়ে অংশ নেবেন।

ঢাকায় ফেরার আগে গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় আয়োজিত সাংস্কৃতির অনুষ্ঠানে পারফর্ম করেন তিনি। সঙ্গে ছিলেন বুবলি।

শাকিব-বুবলিকে ঘিরেই ‘মিউজিক্যাল নাইট’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার উত্তর চব্বিশ পরগণায় হিঙ্গলগঞ্জের ভেটকিয়ায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানেও পারফর্ম করেন এ জুটি।