বাবা-ই আমাদের আত্মা: সম্রাট
গত বছরের ২১ অগাস্ট ৭৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দেন কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আগামী ২৩ জানুয়ারি ৭৭তম জন্মদিন চিরসবুজ এ অভিনেতার। তাকে ছাড়া প্রথমবারের মতো জন্মদিনটা কাটবে পরিবারের।
সেদিন দুপুরে মাছের ঝোল রেঁধেছিলেন স্ত্রী খায়রুন্নেসা লক্ষ্মী। খেতে খেতে নায়করাজ রান্নার তারিফ করে বলেছিলেন, ‘দারুণ রেঁধেছ। রাতেও আমার জন্য মাছ রেখো তো।’
বাটি ভর্তি মাছ ফ্রিজে রেখে স্বামীর অপেক্ষায় ছিলেন লক্ষ্মী। কিন্তু সে রাতে ঘরে ফেরেননি রাজ্জাক। চিরদিনের জন্য তাকে অপেক্ষায় রেখে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।
বুকভরা অভিমান নিয়ে অনেকটা নীরবে-নিভৃতে দিন কাটছে নায়করাজের লক্ষ্মীর। পঞ্চাশ বছরেরও বেশি সময় একসঙ্গে কাটিয়েছেন তারা।
সুখে-দুঃখে, জীবন সংগ্রামে, শরণার্থী শিবিরে, ঠাঁইহীন ঢাকার রাজপথে কিংবা ক্যারিয়ারের বর্ণিল সময়েও পাশাপাশি থেকেছেন দু’জনে।
কিন্তু মৃত্যুই দু’জনের মাঝে কাঁটাতার এঁকে দিল।
যাকে ঘিরে কতশত জমানো স্মৃতি সেই প্রিয়জনকে ছেড়ে কেমন আছেন লক্ষ্মী?
নায়করাজের ছোট ছেলে সম্রাট গ্লিটজকে বলেন, “আম্মার সঙ্গে আমি আর আমার স্ত্রী থাকি। বড় মেয়ে আম্মার সঙ্গেই ঘুমায়। ছোট মেয়েটা সারাদিনই আম্মার সঙ্গে থাকে। কোনোভাবেই ওনাকে একা থাকতে দিই না। উনাকে হাসিখুশি রাখতে চাই।”
অথচ এ পরিবারেই দিনভর চলত আড্ডা আর হুল্লোড়। অথবা একটু ফুসরত পেলেই দলবেঁধে ঘুরতে বেরোতেন পরিবারের সদস্যরা।
জীবনের শেষ দিনগুলো নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করতেন রাজ্জাক। ক্যারিয়ারে যখন তুমুল ব্যস্ত ছিলেন তখনও দিনভর কাজ শেষে বাড়ি ফিরে সবার সঙ্গে জমিয়ে আড্ডা দিতেন।
তিনি ছিলেন পরিবারের প্রাণশক্তি। পরিবারের সবাইকে এক বাঁধনে বেঁধে রাখতেন তিনি। হঠাৎ তার প্রস্থানে পরিবারের সেই চেনা ছন্দটা হারিয়ে গেছে।
সম্রাটের ভাষ্যে, “আমাদের সবই আছে কিন্তু আত্মাটা নাই। উনিই আমাদের আত্মা। গত পাঁচমাস ধরে কোনও কাজে মন বসছে না। অফিসে যাই, বাসায় ফিরি। কোথাও যাই না। কোনও দাওয়াতে যেতে ইচ্ছা করে না। জীবনটা সাদাকালো হয়ে গেছে।”
তিনি বলেন, “ছোটবেলা থেকে মৃত্যুর আগ অবধি আব্বার পাশে বসে খাবার খেতাম। ডিম ভাজি খেতে খুব পছন্দ করতাম। আব্বা আমার প্লেট থেকে অর্ধেক ডিম নিয়ে নিতেন।
সেই সাধারণ বিষয়টাই এখন মনকে খুব নাড়া দেয়। খুব খারাপ লাগে। আব্বাকে ছাড়া খেতে পারতাম না। খুব কষ্ট হয়।”
নায়করাজকে ছাড়া এবার জন্মদিনটাও পালন করতে হবে পরিবারকে। নায়করাজের জন্মদিন মানেই ইন্ডাস্ট্রিতে উৎসবের ধুম পড়ত একসময়।
নির্মাতা-অভিনেতা শ্যুটিংয়ের ক্যামেরা বন্ধ করে ভিড় করতেন লক্ষ্মীকুঞ্জে। অনেক সময় তিন-চারদিন ধরে শুধু তার জন্মদিনের আয়োজনই হতো।
কিন্তু এবারের জন্মদিনটা যেন রঙহীন। সাদামাটা আয়োজনে দিনটি কাটাবেন পরিবারের সদস্যরা।
জীবদ্দশায় নায়করাজ শেষ জন্মদিন পালন করেছেন ২০১৭ সালে ২৩ জানুয়ারি। শেষ জন্মদিনটা ঘরোয়া আয়োজনেই পালন করা হয়।
অনেক সহকর্মী উপস্থিত ছিলেন সেদিন। তবে সবচেয়ে বড় আয়োজনে জন্মদিন পালন করা হয় ২০১৬ সালে। সেবছর তিনি পা দিয়েছিলেন ৭৫-এ।
“জন্মদিনে বাবা শুধু একটি কথাই বলতেন, আমার কিন্তু বয়স বেড়ে যাচ্ছে। জানি না আমার কবে ডাক আসবে? আমার তো দিন ফুরিয়ে আসছে।”-বলেন সম্রাট।
সত্যি সত্যিই একদিন হারিয়ে গেলেন নায়করাজ।
