ছয় রাজ্যে কেন নিষিদ্ধ ‘পদ্মাবত’? শীর্ষ আদালতে প্রযোজকরা
ভারতের ছয়টি রাজ্য ঘোষণা দিয়েছে, তাদের রাজ্যে ‘পদ্মাবত’ মুক্তি পাবে না। এবার সেই ছয় রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন ছবির প্রযোজকরা।
টাইমস অব ইন্ডিয়া সূত্রে খবর, সঞ্জয় লীলা বনসালির বিতর্কিত ছবি ‘পদ্মাবত’-এর মুক্তি ভারতের ছয় রাজ্যে নিষিদ্ধের ঘোষণায় এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছেন ছবিটির প্রযোজকরা।
রাজ্যগুলিকে চ্যালেঞ্জ জানিয়ে যে আবেদন দাখিল করেছেন তারা, শীর্ষ আদালতের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন এক বেঞ্চ বৃহস্পতিবার সেই আবেদন শোনার জন্য অনুমতি দিয়েছে।
সুপ্রিম কোর্টের আবেদনে প্রযোজকরা প্রশ্ন তুলেছেন, সেন্সর বোর্ডের নির্দেশ মেনেই যা যা করা প্রয়োজন তা সবই করা হয়েছে । তারপরও কেন ‘পদ্মাবত’ মুক্তিতে সমস্যা দেখা দিচ্ছে?
গতকাল হরিয়ানা সরকারও ‘পদ্মাবত’ মুক্তিতে তাদের অনিচ্ছার কথা জানিয়েছে। হরিয়ানা ছাড়াও গুজরাট, হিমাচলপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ডে ‘পদ্মাবত’ মুক্তিতে আগেই নিষেধাজ্ঞা জারি হয়েছে।
শ্যুটিং শুরুর দিন থেকেই বিভিন্ন কারণে বিতর্কের কেন্দ্রে সঞ্জয় লীলা বনসালির এই স্বপ্নের ছবি । দেশজুড়ে প্রতিবাদের মুখে পিছিয়ে যায় ছবি মুক্তির দিন। আগামী ২৫ জানুয়ারি ছবিটির মুক্তির দিন স্থির হয়েছে।
