স্বপ্নদলের ‘নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব’
নাট্যাচার্য সেলিম আল দীনের ১০ম প্রয়াণবার্ষিকী স্মরণে নাট্যসংগঠন ‘স্বপ্নদল’ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১৩ ও ১৪ জানুয়ারি আয়োজন করছে দু’দিনব্যাপী 'নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব-২০১৮’।
নাট্যাচার্যকে নিয়ে স্বপ্নদলের নিয়মিত উৎসবের ১৭তম এ আসরের স্লোগান ‘রবীন্দ্রনাথ, সেলিম আল দীন দু’হাত ধরে রয়, বাঙলানাট্যের সম্মুখযাত্রা নিশ্চিত-নির্ভয়।’
উৎসবে স্বপ্নদলের নাট্যপ্রযোজনা ‘হেলেন কেলার’ ও ‘হরগজ’ মঞ্চায়ন ছাড়াও থাকছে বিশেষ বক্তৃতানুষ্ঠান, আলোচনা, স্মরণ-শোভাযাত্রা এবং সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ।
শনিবার বিকাল সাড়ে ৩টায় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে নাট্যজন এস এম মহসীনের সভাপতিত্বে সেলিম আল দীনের জীবন-কর্ম-দর্শন নিয়ে আলোচনাসহ উৎসবের উদ্বোধন করবেন মঞ্চসারথি আতাউর রহমান।
এরপর একক বক্তৃতানুষ্ঠানে 'সেলিম আল দীনের নাট্যদর্শন তথা বাঙলা নাট্যরীতি প্রসারে প্রতিবন্ধকতা এবং উত্তরণের উপায়' শীর্ষক বক্তব্য প্রদান করবেন নাট্যাচার্যের আজন্ম শিল্পসঙ্গী নাট্যজন ড. আফসার আহমদ।
অতিথি হিসেবে অভিমত উপস্থাপন করবেন নাট্যজন ড. রশীদ হারুন, নাট্যজন লাকী ইনাম, নাট্যজন ঝুনা চৌধুরী, যাত্রাজন মিলন কান্তি দে, নাট্যজন চন্দন রেজা, মূকাভিনয়শিল্পী রিজোয়ান রাজন, নাট্যজন অপূর্ব কুমার কুন্ডু প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখবেন উৎসবের আহ্বায়ক ও স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন।
সন্ধ্যা ৭টায় স্টুডিও থিয়েটারে মঞ্চায়িত হবে স্বপ্নদল প্রযোজিত অপূর্ব কুমার কুন্ডুর রচনা, জাহিদ রিপনের নির্দেশনা এবং জুয়েনা শবনমের একক-অভিনয়ে মনোড্রামা ‘হেলেন কেলার’।
দ্বিতীয় দিন সাড়ে ৯টায় ক্যাম্পাসের পুরাতন কলাভবন থেকে নাট্যাচার্যের সমাধি অভিমুখে স্মরণ-শোভাযাত্রা ও পুষ্পাঞ্জলি অর্পণ।
সন্ধ্যা সাড়ে ৬টায় এক্সপেরিমেন্টাল থিয়েটারে রয়েছে স্বপ্নদল প্রযোজনা জাহিদ রিপনের নির্দেশনায় নাট্যাচার্য সেলিম আল দীন-এর কালজয়ী সৃষ্টি ‘হরগজ’-এর মঞ্চায়ন।
অন্ধ ও বধির হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাসে সকল নেতিবাচকতার বিপরীতে ঘুরে দাঁড়ানো বিশ্বের বিস্ময় মহিয়সী নারী হেলেন কেলারের জীবনভিত্তিক প্রযোজনা ‘হেলেন কেলার’।
নাটকটিতে উন্মোচিত হয় পাশ্চাত্যের হেলেন কেলারের জীবনে প্রাচ্যের রবীন্দ্রনাথ তথা রবীন্দ্রদর্শনের প্রবল প্রভাবের প্রকৃত-স্বরূপ।
প্রসঙ্গত, স্বপ্নদলের ‘হেলেন কেলার’ এবং ‘হরগজ’- দু’টি প্রযোজনাই ঐতিহ্যের ধারায় রবীন্দ্রনাথ-সেলিম আল দীন উদ্ভাবিত আধুনিক ‘বাঙলা নাট্যরীতি’-তে নির্মিত হয়েছে।
