২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাঙাল হরিনাথকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন রিজু

বাংলাদেশের সর্বকনিষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী পরিচালক রিয়াজুল রিজু তার দ্বিতীয় চলচ্চিত্রের নাম ঘোষণা করলেন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2018, 06:16 PM

Updated : 08 Apr 2022, 05:42 PM

বুধবার রিজু জানান তার দ্বিতীয় চলচ্চিত্রটির নাম ‘কাঙাল’। এর কাহিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কাহিনিকার ও সংলাপরচয়িতা মাসুম রেজা।

কেমন হবে চলচ্চিত্রটি? রিজু বললেন, “চলচ্চিত্রটি শ্রী হরিনাথ মজুমদার ওরফে কাঙাল হরিনাথকে নিয়ে।

তৎকালীন জমিদারের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করার জন্য ইংরেজি ১৮৬৩ সালের পয়লা বৈশাখ ‘গ্রামবার্ত্তা প্রকাশিকা’ নামে একটি পত্রিকা প্রকাশ করেন।

সেই পত্রিকায় লেখনীর মাধ্যমেই অবহেলিত মানুষের হৃদয়ে জায়গা করে নেন কাঙাল হরিনাথ। কালজয়ী এই ব্যক্তিত্বকে নিয়েই নির্মিত হবে চলচ্চিত্রটি।”

চলচ্চিত্রটি ইতিমধ্যে সরকারি অনুদানের জন্য জমাও দেওয়া হয়েছে বলে জানান নির্মাতা। অনুদান ঘোষণার আগে তাই নির্মাণ শুরু সম্ভব হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, “অনুদান পাবো কিনা জানি না, তবে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় তথ্যমন্ত্রী উনারা দু’জনই সংস্কৃতিমনা ও চলচ্চিত্রপ্রেমী, তাই ভালো মানের চলচ্চিত্রের দিকে উনারা আলাদাভাবে দৃষ্টি দিবেন। আর সেক্ষেত্রে আমার বিশ্বাস আমি অনুদান পাবো।”

হরিনাথের সাংবাদিক জীবন এবং বিপ্লবের গল্পভিত্তিক চলচ্চিত্রটিতে রবীন্দ্রনাথ ঠাকুর, বিপ্লবী ঈশান রায়, লালন সাঁই, রবীন্দ্রনাথের বাবা মহর্ষী দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মীর মোশাররফ হোসেনের মতো বিখ্যাত ব্যক্তির চরিত্র রয়েছে।

সেই কারণে চরিত্র অনুযায়ী অভিনয় শিল্পী বাছাই করার ক্ষেত্রে কিছুটা সময় লাগছে বলে জানান পরিচালক রিয়াজুল রিজু।

এরই মধ্যে প্রাথমিক একটি তালিকা করা হলেও, এখনও চূড়ান্ত কিছু স্থির হয়নি।

‘বাপজানের বায়োস্কোপ’ চলচ্চিত্রের সাফল্যের ধারাবাহিকতায় রিয়াজুল রিজু ও মাসুম রেজা যৌথভাবেই এ চলচ্চিত্রেরও চিত্রনাট্য করছেন।