২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিনদিনব্যাপী সেলিম আল দীন স্মরণোৎসব

আগামী ১৪ জানুয়ারি নাট্যাচার্য সেলিম আল দীনের দশম মৃত্যুবার্ষিকী।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2018, 06:34 PM

Updated : 08 Apr 2022, 05:42 PM

সেলিম আল দীন স্মরণে নাট্যসংগঠন ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটার তিনদিনব্যাপী স্মরণোৎসবের আয়োজন করেছে, গ্লিটজকে জানালেন নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

তিনি বলেন, “সেমিনার, শ্রদ্ধার্ঘ অর্পণ ও নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে আমরা এই কীর্তিমানের অন্তর্ধান স্মরণ করবো শ্রদ্ধা-ভালোবাসায়। প্রতিটি পর্বে দর্শকের সহৃদয় অংশগ্রহণ আমাদের প্রাণিত করবে।”

আগামী ১২ জানুয়ারি জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে বিশেষ সেমিনার।

মাসুম রেজার প্রবন্ধে আলোচক হিসেবে সেমিনারে অংশগ্রহণ করবেন ইউসুফ হাসান অর্ক, সাধনা আহমেদ, মাসউদ ইমরান মান্নু, সোহেল হাসান গালিব, আবু সাইদ টুলু, আলতাফ শাহনেওয়াজ।

১৩ জানুয়ারি ঢাকা থিয়েটারের পরিবেশনায় জাতীয় নাট্যশালার মূলমঞ্চে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে সেলিম আল দীনের রচিত ও নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু নির্দেশিত নাটক ‘নিমজ্জন’।

উৎসবের শেষ দিন, ১৪ জানুয়ারি, সেলিম আল দীনের মৃত্যুদিবস, এ উপলক্ষে সকাল ১০টায় এ শিল্পীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে । 

সন্ধ্যা ৭টায় বাংলা একাডেমিতে ঢাকা থিয়েটারের পরিবেশনায় শিমূল ইউসুফের নির্দেশনায় মঞ্চস্থ হবে সেলিম আল দীন রচিত নাটক ‘ধাবমান’।