২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানকে প্রাণে মারার হুমকি

ভারতের যোধপুর আদালত চত্বরে দাঁড়িয়েই সালমান খানকে প্রাণে মারার হুমকি দিল কুখ্যাত এক অপরাধী ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2018, 08:35 PM

Updated : 08 Apr 2022, 05:41 PM

এনডিটিভি সূত্রের খবর, রাজস্থানের যোধপুর আদালত চত্বরে দাঁড়িয়েই গণমাধ্যমের সামনে সালমান খানকে প্রাণে মারার হুমকি দিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।

এক ব্যবসায়ীকে খুনের অভিযোগে গত ৪জানুয়ারি এই কুখ্যাত অপরাধীকে যোধপুর আদালতে তোলা হয় ।

শুনানি শেষে বেরোনোর সময় তিনি সাংবাদিকদের বলেন,“এই যোধপুরেই সালমানকে প্রাণে মেরে ফেলা হবে । তখন সে জানবে আমাদের আসল পরিচয়।”

পাঞ্জাবে লরেন্সের দুষ্কৃতী বাহিনী ব্যবসায়ী ও বিত্তশালী ব্যক্তিদের ভয় দেখিয়ে টাকা তোলে । সে কোনো সাধারণ অপরাধী নয়, তার দুষ্কৃতী বাহিনী রীতিমতো কুখ্যাত।

কিন্তু হঠাৎ সালমানকে এই হুমকি কেন?

সেদিনই সালমান কৃষ্ণসার হত্যা মামলায় যোধপুরের আদালতে হাজিরা দিয়েছিলেন। সামনে বলিউড অভিনেতাকে পেয়েই সম্ভবত এমন হুমকি দিয়েছেন তিনি, মনে করছে পুলিশ ।

আবার অনেকেই মনে করছেন, রাজস্থানের বিষ্ণোই সম্প্রদায় কৃষ্ণসার হরিণ পূজা করে। এই ঘটনার সঙ্গে তাঁদের আবেগ জড়িয়ে রয়েছে। এই হুমকি সেকারণেই ।

লরেন্সের হুমকিকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ ।

এই হুমকিতে অবশ্য উদ্বিগ্ন নন ‘ভাইজান’। এই নিয়ে এখনও পর্যন্ত তিনি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হননি। বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও করেননি।

এদিকে, মাত্র ১৬দিনেই তিনশো কোটির ক্লাবে পৌঁছে গেছে সালমানের ‘টাইগার জিন্দা হ্যায়’ ।

সালমান খানই বলিউডের একমাত্র অভিনেতা, যার তিনটি সিনেমা তিনশো কোটির ক্লাবে প্রবেশ করেছে ।

এর আগে ‘বজরাঙ্গী ভাইজান’ আয় করেছিল ৩২০.৩৪ কোটি রুপি এবং ‘সুলতান’-এর আয় ছিল ৩০০.৪৫ কোটি রুপি ।