২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চমের পাঁচকথা

মৃত্যুর পর রাহুল দেব বর্মণের জনপ্রিয়তা তো কমেইনি, বরং বেড়েছে তার প্রাসঙ্গিকতা । তার ২৪তম মৃত্যুবার্ষিকীতে তার সম্পর্কে পাঁচকথা ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রদীপ কর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2018, 09:39 PM

Updated : 11 Oct 2022, 11:58 AM

১.পঞ্চম

রাহুল দেব বর্মণকে বিনোদন জগতের অনেকে ‘পঞ্চম’ নামেই চেনেন ।

তার এই ডাকনাম নিয়ে অনেক কথাই শোনা যায় । গায়ক, অভিনেতা অশোক কুমার তার এই নাম রেখেছিলেন, কারণ, সদ্যজাত শিশুটিকে যখন তিনি দেখতে যান তখন শিশুটি বারবার ‘পা’ স্বরেই চিৎকার করছিল ।

অন্য গল্প হ’ল, শিশুটি পাঁচটি ভিন্ন স্বরে চিৎকার করে কান্না করতো ।

শৈশবে যাই হোক না কেন, তার সুরারোপিত অনেক গানই নাকি ‘পা’ স্বর দিয়েই শুরু । স্বরগমের ‘পা’ স্বরটিকেও ‘পঞ্চম’ বলা হয় ।

২.প্রথম সুর

মাত্র নয় বছর বয়সে ‘ফান্টুস’ ছবির একটি গানে প্রথম সুর দেন রাহুল। যদিও ছবিটি মুক্তি পেয়েছিল অনেক পরে, ১৯৫৬তে । সংগীত পরিচালক রূপে আত্মপ্রকাশ ‘ছোটে নবাব’ চলচ্চিত্রে, ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৬১তে । যদিও তার সুরের খ্যাতি ছড়িয়ে পড়ে ১৯৬৬ তে মুক্তিপ্রাপ্ত ‘তিসরি মঞ্জিল’ চলচ্চিত্রের গানগুলির মধ্য দিয়ে ।

৩.সংগীত শিক্ষা

খুব শৈশব থেকেই তার সংগীতচর্চা শুরু । ওস্তাদ আলী আকবর খাঁ এবং ওস্তাদ শামতা প্রসাদের কাছে নাড়া বেঁধে গান শিখেছিলেন ।

তিনি অবশ্য সলিল চৌধুরীকেই ‘গুরু’ মানতেন ।

প্রথমে, বাবা শচীন দেব বর্মণের অর্কেস্ট্রায় হারমোনিকা বাজাতেন, বাবাকে সহযোগিতা করতে করতেই সংগীত পরিচালনারও শুরু ।

৪.সংগীত পরিচালক

তার দলে খ্যাতনামা ৪৬জন শিল্পী কাজ করতেন । বিশিষ্ট সংগীত পরিচালকদ্বয় লক্সমীকান্ত প্যায়ারেলাল এই দলে ছিলেন । কুমার শানু, অভিজিৎ, মো. আজিজ পরিচিতি পেয়েছেন তার হাত ধরেই ।

‘ইয়ে সাম মাস্তানি’, ‘ইয়ে যো মোহাব্বত হ্যায়’.. এরকম অনেক গান এখনও ভীষণভাবেই জনপ্রিয় । রাহুল দেব বর্মণ-কিশোর কুমার-রাজেশ খান্না জুটির সত্তর দশকের অনেক গান এখনও মুখে মুখে ফেরে ।

কিশোর ছাড়াও লতা মুঙ্গেশকর, মো.রফি, আশা ভোঁশলেসহ অনেক শিল্পীর কন্ঠেই তার গান চিরজীবী হয়ে আছে ।

‘ইজাজত’ সিনেমার ‘মেরা কুছ সামান লৌটা দো’ গানটি সংগীত সমালোচকদের বিশেষ প্রশংসা পেয়েছিল ।

১৯৭২ সালে মোট ১৯টি ছবিতে সুরারোপের রেকর্ড করেছিলেন তিনি।

৫.পুরস্কার

শ্রেষ্ঠ সংগীত পরিচালক ক্যাটাগরিতে ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড’-এর জন্য ১৮বার নমিনেশন পেয়েছিলেন তিনি ।

যদিও তিনবার এই পুরস্কার জিতেছিলেন ‘তেরি কসম’(১৯৮৩), ‘মাসুম’ (১৯৮৪)এবং ‘নাইন্টিন ফর্টি-টু আ লাভ স্টোরি’(১৯৯৫)চলচ্চিত্রে সংগীত পরিচালনার জন্য।

শেষ পুরস্কারটি তিনি পেয়েছিলেন মরনোত্তর । মাত্র ৫৪বছর বয়সেই তিনি আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছিলেন ১৯৯৪-এর ৪ জানুয়ারি ।