বিয়ে করছেন সোনিয়া
বিয়ের পিঁড়িতে বসছেন ছোটপর্দার অভিনয়শিল্পী সোনিয়া হোসাইন।
একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে ৫ জানুয়ারি সন্ধ্যায় পারিবারিকভাবে গাঁটছড়া বাঁধছেন তিনি।
বর তার বাল্যবন্ধু। পেশাগত জীবনে একজন চাকরিজীবী। আগে থেকেই দু’জনের পরিচয় ছিল। দু’জনের ভালোলাগার জায়গা থেকেই বিয়ের সিদ্ধান্ত নেন তারা।
সূত্রটি আরও জানিয়েছে, ইতিমধ্যে বিয়ের কেনাকাটায় ব্যস্ত সময় কাটছে তার। বিয়েতে কাছের আত্মীয়-স্বজনদের দাওয়াতপর্বও শেষ হয়েছে।
তবে শুভ সংবাদটি জানাতে লুকোছাপা করছেন সোনিয়া। গ্লিটজের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলে শুরুতে বিয়ের বিষয়টি এড়িয়ে গেলেও পরে তা স্বীকার করেন। তবে পাত্রের সম্বন্ধে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।
এ অভিনেত্রীর মা’র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মেয়ের বিয়ে নিয়ে কোনও কথা বলতে চাননি।
২০০৩ সালে ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতা থেকে উঠে আসেন তিনি। শুরুতে মডেলিং করলেও পরবর্তীতে উপস্থাপনা ও টিভি নাটকে থিতু হন।
মাঝখানে পড়াশোনার জন্য পাড়ি দিয়েছিলেন যুক্তরাজ্যে। আইন বিষয়ে পড়াশোনা শেষ করে আবারও নিয়মিত হন কাজে।
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত আলভী আহমেদের ‘ইউটার্ন’ চলচ্চিত্রেও অভিনয় করেন সোনিয়া।
