২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তর্জালে পল্লীকবি জসিম উদ্দিনের ‘কবর’ চলচ্চিত্র

পল্লীকবি জসিম উদ্দিনের বিখ্যাত ‘কবর’ কবিতা অবলম্বনে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সোমবার কবির ১১৫তম জন্মবার্ষিকীতে ইউটিউবে প্রকাশিত হলো চলচ্চিত্রটি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2018, 06:58 PM

Updated : 19 Aug 2022, 01:20 PM

“ওইখানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে/ তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে/ এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ/ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক।” চিরচেনা এ পংক্তিগুলো পল্লীকবির জসিম উদ্দিন রচিত ‘কবর’ কবিতার। তুমুল জনপ্রিয় কবিতাটি এবার এলো চলচ্চিত্রে। কবিতার নাম শিরোনামেই নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রাশিদ পলাশ।

রাজধানীর পুবাইলে গ্রামীন প্রেক্ষাপটে কবিতাটির দৃশ্যায়ন করেছেন নির্মাতা। চলচ্চিত্রে কবিতার দাদু চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, নাতি চরিত্রে মাহি বি, দাদি চরিত্রে নওশাবা, ছেলের চরিত্রে শিমুল খান, ছেলের বউয়ের চরিত্রে চম্পা, আর বুজি চরিত্রে সাদিয়া রহমান।

সোমবার ইউটিউবে দর্শকদের জন্য উন্মুক্ত হয়েছে চলচ্চিত্রটি।

কেন এই নির্মাণ? নির্মাতা রাশিদ পলাশের উত্তর- “ ‘কবর’ আসলে প্রচুর মানুষের দেখা একটা গল্প। যারা কবিতাটি পড়েছে তারাই এটি ভিজুয়ালাইজ করেছে, আমরা প্রত্যেকেই নানাভাবে এটি আমাদের কল্পনাতেও দেখেছি। কবিতাটি কবির খুবই ইমোশনাল একটা সৃষ্টি। আমরাও যে বয়সে কবিতাটি পাঠ্যবইয়ে পড়ি সে বয়সটা খুবই ইমোশনাল। রঙিন চোখ দিয়ে একটা সাদাকালো গল্প দেখি, শোকের গল্প। অথচ কবিতাটি নিয়ে এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি। তাই এটি নির্মাণ করেছি আমি।”

চলচ্চিত্রটি প্রযোজনা করেছে পূন্য ফিল্ম।