২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৮: বিপাশার চোখে ‘স্বপ্নের বাংলাদেশ’

নানা ঘটনা-দুর্ঘটনা, আলোচনা-সমালোচনার ঘেরাটোপে কেটে গেল ২০১৭। নতুন বছরের সূর্য উঠেছে সোমবার। পুরো বছরে কেমন দেখতে চান বাংলাদেশকে? ২০১৮ সালের পহেলা দিনে গ্লিটজকে নিজের স্বপ্নের বাংলাদেশের মানুষের মুখ ও সমাজের মানচিত্র এঁকে দেখালেন তারকা অভিনেত্রী বিপাশা হায়াত।

সাইমুম সাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2018, 07:39 PM

Updated : 11 Oct 2022, 11:57 AM

বছরজুড়েই আলোচনা-সমালোচনার তীরে বিদ্ধ ছিল দেশের শিক্ষাব্যবস্থা। বছরজুড়েই প্রশ্নফাঁস আর পাঠ্যপুস্তকে ভুল নিয়ে উত্তাপ ছড়িয়েছে শিক্ষাখাত। শুধু গতবছরই নয়, কয়েক দশকজুড়েই চলা শিক্ষাখাতের এমন অনিয়মের দিকে ইঙ্গিত করলেন তিনি।

দেশের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর তাগিদ দিয়ে বলেন, “আমাদের শিক্ষা ব্যবস্থাটা আরও উন্নতি করুক। অনেক বেশি মানুষ শিক্ষিত হোক। স্কুলের লেখাপড়ার বাইরে স্বশিক্ষাটাও আমাদের দরকার।”

পাশাপাশি সর্বস্তরে সংস্কৃতিচর্চার আহবান জানিয়ে তিনি বলেন, “সংস্কৃতিচর্চা মানুষকে মানবিক করে তোলে। সংস্কৃতিতে বোধ, মানবিকতা ও দর্শনের চর্চা হয়। আমি চাইব, আমাদের মূল্যবোধগুলো খুব শক্ত হোক। সবাই খুব অস্থির। সবাই সবার উপরে বিরক্ত।”

বিরক্তির কারণও তুলে আনলেন। তার ভাষ্যে, দেশের সবাই নিজেকে বঞ্চিত মনে করছে। আধুনিক নগরব্যবস্থা মানুষের বঞ্চনা বাড়িয়েছে। যানজটের কবলে নাকাল হয়ে পড়ছে নাগরিকজীবন। বছর বছর সাপের মতো এঁকেবেঁকে ফ্লাইওভারে ছেয়ে গেলেও লাভের লাভ কিছুই হচ্ছে না। নাগরিক যন্ত্রণার প্রভাবটাই মানুষের আচরণে ফুটে উঠছে। বাড়ছে বিরক্তি।

“প্রতিটা ক্ষেত্রেই সন্দেহ ও অনিশ্চয়তা বেড়েছে। এই জায়গাগুলোতে আমি আশা করি, আগামী বছরটা নিশ্চিন্ত থাকতে চাই।”

‘আগুনের পরশমণি’, ‘জয়যাত্রা’ চলচ্চিত্রের এ অভিনেত্রীর প্রশ্ন, আমরা কি একটি গুণগত সমাজ তৈরি করতে পারি না?

প্রশ্নের সঙ্গে সমাজ ও শহরের উন্নয়নে কিছু পরামর্শও দিলেন তিনি। “শুধু ঢাকা শহর না। অন্যান্য শহরগুলোর উন্নতি চাই। একই ভাবে পুরো দেশের কর্মের সুযোগ তৈরি হোক। এখন তো সবকিছু ঢাকা কেন্দ্রিক হয়ে পড়েছে। নগরের উন্নয়নে বিকেন্দ্রীকরণটা খুবই প্রয়োজন। আমি নিজেই হয়ত কখনও ঢাকার বাইরে চলে যাব।”

শুধুমাত্র নিজের পরিবর্তন নয়, পুরো সমাজেরই পরিবর্তন দরকার বলে মনে করেন তিনি।

“বঞ্চিত চোখ কিংবা বঞ্চিত মুখ আমি দেখতে চাই না। আমি শহরে টোকাই দেখতে চাই না। শিশুশ্রম দেখতে চাই না। রাস্তায় বেরুলে ছোট বাচ্চাগুলো আরেক বাচ্চাকে কোলে নিয়ে ভিক্ষা করছে অথবা গাড়ি মুছছে অথবা হোটেলে কাজ করছে-এসব দেখতে চাই না। শিশুশ্রমের বিরুদ্ধে কথা বলতেই চাই।”

পাশাপাশি চিকিৎসার নামে অপচিকিৎসা ও ইন্টারনেটের অপব্যবহার নিয়েও ক্ষোভ প্রকাশ করলেন তিনি।

“আমাদের সোসাইটির এডুকেশন লেভেলটা বিলো স্ট্যান্ডার্ড। তারা জানে না ইন্টারনেটের কোন ভালো জিনিসটা নিতে হবে আর কোন খারাপ জিনিসটা বর্জন করতে হবে। আমাদের মূল্যবোধ, দর্শনের জায়গাটা যেহেতু নষ্ট হয়ে গেছে। সেকারণে অনেক কিছু বিধিনিষেধের আওতায় আনা উচিত। উন্নত দেশে ইন্টারনেট যেভাবে ব্যবহার হয় আমাদের দেশেও যদি একই ভাবে ব্যবহার হয় তাহলে ক্রাইম বাড়বে।”

তবে জাদুর প্রদীপের মত রাতারাতি দেশকে পরিবর্তন সম্ভব নয়, সেটাও তিনি জানেন। কিন্তু তাই বলে হাল ছেড়ে বসে থাকার পক্ষপাতি নন তিনি। বছরের প্রথম দিন থেকেই পরিবর্তনের পথে যাত্রা শুরু করতে চান।

“একদিনে হবে না, একবছরে হবে না। কিন্তু সেই কাজটা আমরা শুরু করতে পারি। একদিন না একদিন আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাব।”

লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি।

সরকারের প্রতি আবেদন জানিয়েছেন তিনি বলেন, “দেশের চ্যানেলগুলোকে কাজে লাগানো হোক। টিভিতে নিয়মিত শিক্ষামূলক অনুষ্ঠান প্রচার করা উচিত। ছোটবেলায় বিটিভি দেখে অনেক কিছু শিখেছি আমরা। কিন্তু এখনকার চ্যানেলগুলোতে শিক্ষামূলক অনুষ্ঠান নেই বললেই চলে। চ্যানেলগুলোতে বাধ্যবাধকতা থাকা উচিত।”