‘মনে হচ্ছিলো ঋত্বিক নয়, শ্রীকান্তের সামনেই দাঁড়িয়ে আছি’
কলকাতায় প্রদীপ্ত ভট্টাচার্যের পরিচালনায় ‘রাজলক্ষী-শ্রীকান্ত’ চলচ্চিত্রের শুটিং করছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।
জ্যোতির গায়ে জ্বর। টানা দশদিন কলকাতার নতুন ছবি ‘রাজলক্ষী-শ্রীকান্ত’র শুটিং সেরে জ্যোতি পড়লেন অসুখে। ঠান্ডার পাশাপাশি ও শুটিংয়ের টেনশনে শরীর কিছুটা কাবু করেছে তাকে। এমনটাই জানলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।
প্রদীপ্ত ভট্টাচার্যের পরিচালনায় শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাস অবলম্বনে নির্মিতব্য এ চলচ্চিত্রে জ্যোতির বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। বাংলাদেশেও কম জনপ্রিয় নন তিনি।
কলকাতার ছবিতে এই প্রথম জ্যোতি। প্রথম ছবিতেই ঋত্বিককে পাওয়া। জ্যোতির প্রতিক্রিয়া এমন, “ঋত্বিক সম্পর্কে এককথায় মন্তব্য করা সম্ভব নয়। এ ফিল্মে আমার সাথেই তো তার বেশিরভাগ সিন, তাই আমি তাকে আলাদা করে দেখতে পারছি না।
দশদিনের শুটিংয়ে একবারও ঋত্বিক-জ্যোতিকে থামাতে হয়নি নির্মাতা প্রদীপ্ত ভট্টাচার্যের। ক্যামেরার সামনে গেছেন আর মিলে গেছে দুজনের ক্যামিস্ট্রি।
জ্যোতির ভাষ্যে, “ক্যামেরার সামনে গিয়ে শুধু অভিনয়টা করেছি। মনে হচ্ছিল ঋত্বিক নয়, শ্রীকান্তের সামনেই দাঁড়িয়ে আছি।”
১৯৮৭ সালে ‘রাজলক্ষী-শ্রীকান্ত’ চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন বুলবুল আহমেদ। ক্যামেরার সামনে শ্রীকান্ত চরিত্রেও ছিলেন তিনি। তার বিপরীতে রাজলক্ষী হয়েছিলেন শাবানা। পুরনো সেই গল্পের নতুন রূপ?
জ্যোতি বললেন, “যারা সিনেমাটি দেখতে যাবেন তাদের অনেকেই শরৎচন্দ্রের উপন্যাসটির ধারণা নিয়ে যাবেন, আবার অনেকে হয়তো কাহিনির এই সময়ের প্রেক্ষাপট কল্পনা করে যাবেন। আসলে কোনোটাই মিলবে না। এটাই নির্মাতার ম্যাজিক।”
২০ ডিসেম্বর থেকে টানা শুটিং হয়ে থেমেছে কলকাতাপর্বের শুটিং। শুটিংয়ের চারদিনের বিরতিতেই জ্বরে পড়লেন জ্যোতি। এরপরের মিশন পুরুলিয়া ও সুন্দরবনের মৌসুনি দ্বীপে। জানুয়ারিতেই সম্পন্ন হচ্ছে কলকাতায় জ্যোতির ‘রাজলক্ষী-শ্রীকান্ত’ মিশন।
