‘স্বপ্নজাল’: দু’টি প্রাণের বাঁধনহারা এক প্রেমের গল্প
পরীমনির পরিবর্তিত রূপ দেখে চমকে যাবেন দর্শক । ‘মনপুরা’খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রে মধ্যবিত্ত পরিবারের তরুণীর চরিত্রে হাজির হলেন এ নায়িকা, সঙ্গে নবাগত নায়ক রোহান।
রবিবার রাতে মুক্ত হলো চলচ্চিত্রটির অফিসিয়াল ট্রেইলার। শুধু পরীমনিকেই পাল্টে দেননি গিয়াস উদ্দিন সেলিম। ট্রেইলারেই ইঙ্গিত দিলেন মনপুরা’র মতো নতুন প্রেমোপাখ্যান নিয়ে হাজির হচ্ছেন তিনি।
চমৎকার দৃশ্যায়নের ফাঁকে ফাঁকে ভয়েজওভারে চলচ্চিত্রটি সম্পর্কে ধারণাও পাওয়া গেল- “দু’টি প্রাণের বাঁধনহারা এক প্রেম। ডাকাতি, সংঘাত, গুম, আর কূটকৌশলের পঙ্কিল আবর্তে দু’জন বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিন্তু হৃদয় তো বাঁধা মানে না। দু’জনের মনের আকুলতায় তৈরি হয় আরেক প্রেমগাঁথা”-ট্রেইলারে ‘স্বপ্নজাল’-এর কাহিনিসূত্র এভাবেই ধরিয়ে দিলেন নির্মাতা।
আসছে ৯ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি। সেন্সরে যাচ্ছে দু’একদিনের মধ্যেই। বেঙ্গল ক্রিয়েশনস প্রযোজিত এ ছবির ট্রেইলার প্রকাশ করা হয় গতকাল বেঙ্গল উচ্চাঙ্গ সংগীতের শেষ দিন, বেঙ্গল ক্রিয়েশনস-এর স্টল থেকে।
এ আয়োজনে উপস্থিত ছিলেন নির্মাতা সেলিম, বেঙ্গল ক্রিয়েশনসের ক্রিয়েটিভ পরিচালক এন রাশেদ চৌধুরী ও ছবিটির কলাকুশলীরা।
নদীতীরবর্তী অঞ্চলে গড়ে ওঠা ইলিশ ব্যবসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে চলচ্চিত্র ‘স্বপ্নজাল’-এর গল্প। চলতি বছরের ফেব্রুয়ারিতে নদীবেষ্টিত চাঁদপুরে শুটিং শুরু হয় সিনেমাটির। চাঁদপুর ও কলকাতায় বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির শুটিং হয়েছে।
চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা পরীমনি ও নবাগত রোহান। এতে অন্যান্য চরিত্রে আরও অভিনয় করছেন- ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহীদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, মিশা সওদাগর, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনু প্রমুখ।
