২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পদ্মাবতী’ কি ‘পদ্মাবত’ হয়ে যাবে?

নির্মাণের শুরু থেকেই নানান বিতর্কে ক্রমশ জটিল হয়ে উঠছে ‘পদ্মাবতী’ মুক্তির সম্ভাবনা । ভারতের সেন্সর বোর্ড জানিয়েছে ছবির নাম বদলের পাশাপাশি বেশ কিছু দৃশ্য পরিবর্তন করলে তারা ছাড়পত্র দেবে ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2017, 09:33 PM

Updated : 19 Aug 2022, 06:16 PM

ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রের খবর, সিবিএফসি প্রধান প্রসূন যোশীর নেতৃত্বে ২৮ ডিসেম্বর এক বিশেষ বৈঠকে সঞ্জয় লীলা বনসালী নির্মিত ‘পদ্মাবতী’ চলচ্চিত্রটি পুঙ্খানুপুঙ্খভাবে দেখে এক বিশেষ রিভিউ কমিটি ।

জয়পুরের দুই ঐতিহাসিক অধ্যাপক বি.এল.গুপ্ত এবং অধ্যাপক খাঙ্গারটকে চলচ্চিত্রটি দেখার আমন্ত্রণ জানিয়েছিল সেন্সর বোর্ড । তাদের মতামত গুরুত্ব দিয়ে সিনেমাটির বেশকিছু দৃশ্য পরিবর্তনের পরামর্শ দেওয়া হয় ।

‘পদ্মাবতী’ নাম বদলে ‘পদ্মাবত’ রাখলে এই ছবি ‘ইউ এ’ সার্টিফিকেট নিয়ে মুক্তি সনদপত্র পাবে ।

নির্মাতা জানিয়েছিলেন, ষোড়শ শতকের বিশিষ্ট সূফি কবি মালিক মহম্মদ জয়শীর বিখ্যাত কবিতা ‘পদ্মাবত’ থেকেই অনুপ্রাণিত হয়েই এই চলিচ্চিত্রটি নির্মাণ করছেন তিনি ।

দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরিবর্তন, ‘ঘুমর’ গানের সঙ্গে রানি পদ্মাবতীর নাচের দৃশ্য ।

কিছুদিন আগে এই গানের ট্রেইলার প্রকাশিত হলে উগ্রবাদী রাজপুত করনি সেনার তোপের মুখে পড়ে বনসালী । রাজপুত রানির প্রকাশ্যে এরকম নাচে অংশগ্রহণ তাদের আভিজাত্য বিরোধী বলে আন্দোলন করে দলটি ।

বিতর্কের মুখে অনেক ঐতিহাসিক জানান, রানি পদ্মাবতী আসলে কবির কল্পনা, বাস্তবে চরিত্রটির কোনো অস্তিত্বই নেই!

 

এরকম ২৬টি দৃশ্যে পরিবর্তনের নির্দেশ দেয় সেন্সরবোর্ড । এ বিষয়ে এখনও পর্যন্ত পরিচালক বা ছবির সংশ্লিষ্ট কারও মন্তব্য পাওয়া যায়নি।

সঞ্জয় লীলা বনসালীর ১৯০ কোটি রুপির স্বপ্নের এই সিনেমার ভবিষ্যৎ কী সেটাই এখন দেখার ।

‘পদ্মাবতী’তে চিতোরের রানি পদ্মাবতী চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এতে পদ্মাবতীর স্বামী রাজা রাওয়াল রতন সিং এর ভূমিকায় শহীদ কাপুর এবং দিল্লীর সুলতান আলাউদ্দিন খিলজী’র চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং।