২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংগীতেই দেখা মেলে ঈশ্বরের: পণ্ডিত যশরাজ

মঞ্চ প্রস্তুত; খানিক বাদেই খেয়ালের আলাপ, ঝোড়, গৎ-এ মন্ত্রমুগ্ধ করবেন শ্রোতাদের। ‘স্বরমণ্ডল’ সাজিয়ে প্রস্তুত শাস্ত্রীয় সংগীতের জীবন্ত কিংবদন্তি পণ্ডিত যশরাজ।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2017, 06:05 PM

Updated : 11 Oct 2022, 02:53 PM

হঠাৎ কোথা থেকে ভেসে এলো এক মিষ্টি হাওয়া ! সুর, তার, লয়, মঞ্চ, শ্রোতা, স্বরমণ্ডল সব ভুলে তিনি ডুবে গেলেন এক ঐশ্বরিক ধ্যানে। অদেখা ঈশ্বর যে তখন বড় কাছে এসে ধরা দেন। সুর, তাল, ছন্দ এক বিমূর্ত মূর্তি কল্পনা করে সুরের ধ্যানে তারই আরাধনা করে চলেন পণ্ডিত যশরাজ।

ভারতীয় শাস্ত্রীয় সংগীতে মেওয়াতি ঘরানার গুরু পণ্ডিত যশরাজ এখন বাংলাদেশে। ঢাকায় চলমান বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসবের ষষ্ঠ আসরে অংশ নেবেন তিনি। শুক্রবার রাতে উৎসবের চতুর্থ দিনের আসরে সুরবিহারে তিনি ঋদ্ধ করবেন ঢাকার শ্রোতাদের।

বৃহস্পতিবার দুপুরে পণ্ডিত যশরাজ হাজির হন এক সংবাদ সম্মেলনে। নিজের সুর সাধনার কথা বললেন, বললেন সংগীত নিয়ে তার একান্ত ভাবনার কথাও।

শুরুতে পণ্ডিত যশরাজ বলেন, “আট দশকের সংগীত সাধনায় চড়াই, উৎরাই পেরিয়ে এসে আমি সুর-লয়েই তালাস করি ঐশ্বরিক মায়াজালকে। কখনো খুব কাছে চলে যাই, কখনো বুঝতেই পারি না, অদৃশ্য সেই শক্তি আমাকে কোথায় নিয়ে চলেছে। আমি কী দিয়েছি, কি দিইনি জানি না। মনে হয়, সবই তো তারই (ঈশ্বর) খেলা।”

Image
চলমান বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসবে অংশ নিতে উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি সাধক পণ্ডিত যশরাজ এখন ঢাকায়। ছবি:জয়ন্ত সাহা

চলমান বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসবে অংশ নিতে উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি সাধক পণ্ডিত যশরাজ এখন ঢাকায়। ছবি:জয়ন্ত সাহা

রাগ দরবারি কানাড়া, কৌশিকি কানাড়া,রাগ জাসরাঙ্গিসহ বিভিন্ন রাগে কীভাবে তিনি ঈশ্বর বন্দনার সূত্র বাঁধেন শোনান সেসব কথাও। ঈশ্বরপ্রেমে মশগুল এ সাধক এসব রাগ-বন্দিশে তুলে ধরেন ঈশ্বরের বিভিন্ন স্বরূপ।

৮৭ বছর বয়সী সংগীত সাধক বলেন, “যে কেউ চাইলেই কিন্তু ঈশ্বরকে দেখতে পাবে, তাকে দেখার জন্য চাই চোখ, দরকার তেমন দৃষ্টি।”

ফতেহাবাদের শাস্ত্রীয় সংগীত সাধক পরিবারের জন্ম যশরাজের। ছেলেবেলায় বাবা চেয়েছিলেন ছেলে বড় তবলাবাদক হবে। যশরাজও তেমনভাবেই তালিম নিচ্ছিলেন। কিন্তু একদিন কিংবদন্তি বেগম আখতারের কণ্ঠে শাস্ত্রীয় সংগীত শুনে বদলে ফেলেন সিদ্ধান্ত; তিনিও শাস্ত্রীয় সংগীত গাইবেন।

তখনকার দিনে সারেঙ্গি, তবলাবাদকদের মূল্যায়ন-ই নাকি হত না। যশরাজ সিদ্ধান্ত নিলেন, একদিন মঞ্চে শাস্ত্রীয় সংগীত গাইতে না পারলে তিনি চুল কাটবেন না বলে প্রতিজ্ঞা করেন। পরে অবশ্য বেশিদিন লাগেনি। দুবছরের মাথায়,মাত্র ষোল বছর বয়সে তিনি শাস্ত্রীয় সংগীত গাইতে শুরু করলেন।

এক পর্যায়ে তিনি ক্ল্যাসিক্যালের পাশাপাশি সেমি-ক্ল্যাসিক্যাল মিউজিক নিয়ে কাজ শুরু করেন। বেশকটি চলচ্চিত্রের সংগীতায়োজনও করেছিলেন তিনি, এগুলোর মধ্যে ষাটের দশকের ‘লড়কি সাহ্ইয়াদ্রি কি’,‘বীরবল মাই মাদার’, ‘ওয়াদা তুমসে হ্যায় ওয়াদা’, ‘১৯২০’চলচ্চিত্রগুলো রয়েছে।

পণ্ডিত যশরাজ বলেন, “তবলা ছেড়ে ক্ল্যাসিক্যালে চলে আসাই আমার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। তবে এখনো কিন্তু গীত রচনা করতে গেলে আমি তবলার বোলচালগুলো মনে করি। সত্যিই খুব ভালো তবলা বাজিয়ে ছিলাম আমি।”

পণ্ডিত যশরাজ খেয়ালে ঈশ্বর-বন্দনার কথাতেই আবার ফিরে আসেন।

Image
চলমান বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসবে অংশ নিতে উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি সাধক পণ্ডিত যশরাজ এখন ঢাকায়। ছবি:জয়ন্ত সাহা

চলমান বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসবে অংশ নিতে উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি সাধক পণ্ডিত যশরাজ এখন ঢাকায়। ছবি:জয়ন্ত সাহা

তিনি বলেন, “আমি তো খুব আলাদাভাবে বন্দিশগুলো বাঁধিনি। রাগের মধ্যে গাইতে গাইতে কখন কী বেঁধে ফেলেছি, নিজেও জানি না। ধ্যান বলতে পারেন বা স্বপ্ন, সে তো আমার সংগীত। তাতে কী যোজনা, কেমন যোজনা এসব বলতে পারব না। এটার জবাব আমারই জানা নেই।”

-বলেই হেসে ফেলেন তিনি।

পণ্ডিত যশরাজের সঙ্গে সংবাদ সম্মেলনে আসেন মেয়ে দুর্গা যশরাজ। বাবার সংগীত জীবনের স্মৃতি নিয়ে বলতে গিয়ে তিনি জানান, এক সংগীত আসরে পণ্ডিত যশরাজের  রাগ ‘ধুলিয়া মালহার’ পরিবেশনার গল্প।

“বাবা এই রাগটি গাওয়ার আগে আকাশে ছিল ভরা পূর্ণিমার চাঁদ। বাবাকে বললাম, তুমি এমন পরিবেশে এই রাগ গাইবে? ধুলো ঝড়ের গান? বাবা দেখলাম নিরুত্তাপ, কিছুই বলছে না। পরে বাবা মঞ্চে গাইবার কিছুক্ষণের মধ্যেই কোথা থেকে এলো দমকা হাওয়া। ধুলোতে সব ঢেকে ফেলল। বানারাসের সঙ্কট মোচন মন্দিরে গিয়ে বাবার রাগ কোরির পরিবেশনার সময় অশান্ত বানরগুলো কেমন মন্ত্রমুগ্ধ হয়ে গেল। বাবার সংগীতের মোহময় তন্দ্রার এমন কত গল্প আমি জানি।”

সংগীতের স্বর্ণযুগ বলতে আদতে কিছু নেই বলেই মনে করেন পণ্ডিত যশরাজ।

“আমি এসব স্বর্ণযুগ বলতে কিছু বিশ্বাস করি না। লোকে বলে, কিন্তু আমার দ্বিমত আছে। ভালো গান সবসময়ই ভালো, সংগীতের আবার যুগ কিসের?”

বাংলাদেশে শাস্ত্রীয় সংগীতের চর্চা বিস্তৃত হচ্ছে- এমন খবরে যারপরনাই আনন্দিত শাস্ত্রীয় সংগীতের এই মহাসাধক।

“এখানে দারুণভাবে গড়ে তোলা হচ্ছে তরুণদের। এরা যখন মঞ্চে এসে পারফর্ম করছে, আমি তো মুগ্ধ হয়ে যাই।”

তরুণ সাধকদের উদ্দেশ্যে তিনি বলেন, “প্রথমেই মা-বাবার প্রতি ভক্তি রেখো। সংগীত গুরুমুখী বিদ্যা, তাকে ভগবানতুল্য মনে করে নিজেকে সমর্পন করো। তিনি যা বলেন, অক্ষরে অক্ষরে মেনে চলো। তবেই না তুমি পাবে পথের দিশা।”

পণ্ডিত যশরাজ এর আগে একাধিকবার এসেছেন বাংলাদেশে। শরীর সায় দিলে তিনি এ উৎসব উপলক্ষে আবারো আসতে চান বলে জানান।

পরে মেয়ে দুর্গা যশরাজ জানান,পণ্ডিত যশরাজের সংগীত জীবনের নানা অধ্যায় নিয়ে তিনি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবেন।