শাফিনের বক্তব্যে মাইলসের ব্যাখ্যা
সংবাদ সম্মেলনে দেওয়া শাফিন আহমেদের বক্তব্যের ব্যাখ্যা নিয়ে এলো জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস।’
২০ ডিসেম্বর সাংবাদিক সম্মেলন ডেকে শাফিন আহমেদ জানান, ‘মাইলস ব্যান্ড লিমিটেড’ নামে চলতি বছরের নভেম্বরে একটি ট্রেড লাইসেন্স করেছিলেন তিনি।
এ প্রসঙ্গে মাইলস-এর ফেইসবুক পেইজে দেওয়া এক ব্যাখ্যায় বলা হয়, “ ‘মাইলস’ কখনই ‘মাইলস ব্যান্ড লি.’ নয়। ৩৮ বছর ধরে মাইলস দেশে ও দেশের বাইরে জনপ্রিয়তা ধরে রেখেছে। অন্যদিকে ‘মাইলস ব্যান্ড লি.’ নতুন নাম। এর নাম আগে কেউ শোনেনি।”
এমনকি শাফিন আহমেদ মাইলসের প্রতিষ্ঠাকালীন সদস্যও নয়। তাকে ব্যান্ডের তৃতীয় লাইনআপে নেওয়া হয়েছে বলে জানায় মাইলস।
সংবাদ সম্মেলনে শাফিন আহমেদে বলেছিলেন, ‘‘অধিকাংশ গান আমার।”
এ বক্তব্যের জেরে মাইলস জানায়, ‘শাফিনের গাওয়া গান রয়েছে মাত্র ৩০টি। এর মধ্যে ‘চাঁদ তারা’, ‘ধিকিধিকি’, ‘ফিরিয়ে দাও’, ‘ভুলবোনা তোমাকে’সহ মাইলসের অনেক জনপ্রিয় গানের সুর ও সংগীত হামিন আহমেদের।
১৯৮১ সালে গঠিত ব্যান্ডটি আগেও একাধিকবার ভাঙনের মুখে পড়েছে। ২০১০ সালে শাফিন আহমেদ ব্যান্ডটি ছাড়ার ঘোষণা দিলেও সে বছরের শেষের দিকে আবারও যোগ দেন মাইলসে। চলতি বছর দ্বিতীয় বারের মত মাইলস-এর সঙ্গে দ্বন্দ্বে জড়ালেন শাফিন।
সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশন নিবার্চনে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-থেকে মেয়র নির্বাচনে প্রার্থী হচ্ছেন বলে জানান শাফিন।
