বছরে পাঁচটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা মাহফুজুর রহমানের
প্রতিবছর পাঁচটি চলচ্চিত্র নির্মাণ করবেন বলে ঘোষণা দিয়েছেন এটিএনবাংলা চেয়ারম্যান মাহফুজুর রহমান। মঙ্গলবার বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।
২৬ ডিসেম্বর এফডিসির ৮ নম্বর ফ্লোরে বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্র অঙ্গনের ২০ গুণী ব্যক্তিত্বকে সম্মাননা জানালো বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সবুজছায়া আবাসন লিমিটেডের চেয়ারম্যান বাসেদ শিমন। সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট মেহেদী হাসান সিদ্দিকী মনির।
৭৩টি দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন শাকিব-অপু জুটি। নিজের পুরস্কারের পাশাপাশি স্বামী শাকিবের পুরস্কারটিও তিনি গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে নায়করাজ রাজ্জাককে। সম্মাননা পেয়েছেন প্রবীন চলচ্চিত্র নির্মাতা আজিজুর রহমান।
এছাড়াও সাহিত্যভিত্তিক চলচ্চিত্র নির্মাণে আমজাদ হোসেন, সর্বাধিক চলচ্চিত্রগীত রচয়িতা গাজী মাজহারুল আনোয়ার, সর্বাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক আলাউদ্দিন আলী, সর্বাধিক জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজক এ কে এম জাহাঙ্গীর খান, আন্তর্জাতিকখ্যাতি সম্পন্ন নায়িকা ববিতা, সর্বাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক আলমগীর, আন্তর্জাতিকখ্যাতি সম্পন্ন গায়িকা রুনা লায়লা, জনপ্রিয় কণ্ঠশিল্পী মোঃ খুরশীদ আলম, সর্বাধিক চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্প নির্দেশক মহিউদ্দিন ফারুক, প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক আকবর হোসেন পাঠান ফারুক, প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রযোজক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, সর্বাধিক চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, ও সর্বাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র গ্রাহক মাহফুজুর রহমান খানকে সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে।
একফ্রেমে পুরস্কারপ্রাপ্ত শিল্পীরা।
এছাড়াও অভিনয়ে বিশেষ সম্মাননা পেয়েছেন চিত্রনায়ক শাকিব খান, অপু বিশ্বাস ও ডি এ তায়েব।
বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের ২০ বছর পূর্তিতে এ পর্যন্ত ৭ জন প্রেসিডেন্ট বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন, তাদেরকেও বিশেষ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্মাতা মোহাম্মদ হোসেন জেমী।
