বিয়ে করলেন কল্যাণ কোরাইয়া
গাঁটছড়া বাঁধলেন অভিনয়শিল্পী কল্যাণ কোরাইয়া। কনের নাম গ্রেইস ভায়োলেট ডি’কস্তা।
তেজগাঁওয়ের হলি রোজারি চার্চে বুধবার বিকেল ৪টায় বিশপ শরৎ ফ্রান্সিস গোমেজের তত্ত্বাবধানে শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা। বিকেল ৫টায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বলে গ্লিটজকে জানান কল্যাণ।
কল্যাণের বাবার বন্ধুর মেয়ে গ্রেইস। ছোটবেলায় একসঙ্গেই মনিপুরী পাড়ায় বেড়ে উঠেন তারা। গ্রেইস হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। গত তিনবছর ধরে আমেরিকায় থাকছেন। সেখানকার এক বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন করছেন। আপাতত মাস তিনেকের জন্য দেশে ফিরেছেন তিনি। এরপর আমেরিকায় ফিরে গ্র্যাজুয়েশন শেষ করে পাকাপাকিভাবে ফিরবেন দেশে।
এর ফাঁকে মধুচন্দ্রিমার পরিকল্পনাও করে ফেলেছেন। কল্যাণ বলেন, “চলতি বছরেই কাছের কয়েকজন আত্মীয়ের বিয়ে আছে। সেগুলোতে উপস্থিত থাকতে হবে। আগামী জানুয়ারির মাঝামাঝির দিকে হানিমুনে যাওয়ার পরিকল্পনা করেছি। প্রথম পছন্দ মালদ্বীপ। সেখানে ব্যাটে বলে না মিললে বালিতে যেতে পারি।”
র্যাম্প মডেলিংয়ের মধ্য দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করলেন পরে ছোটপর্দায় থিতু হন এ অভিনেতা। বড়পর্দায় অভিনয় করেছেন বেশ ক’টি চলচ্চিত্রে। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো- ‘পিতা’, ‘প্রার্থনা’, ‘মুখোশ মানুষ’।
