২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলার উদ্যোগে দেশব্যাপী ‘বাংলাদেশ শিশু চলচ্চিত্র উৎসব ২০১৭’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপী একযোগে শুরু হচ্ছে ‘বাংলাদেশ শিশু চলচ্চিত্র উৎসব ২০১৭’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2017, 09:27 PM

Updated : 12 Apr 2022, 12:59 AM

আগামী ২৮ থেকে ৩১ডিসেম্বর দেশের ৬৪টি জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪দিনব্যাপী ‘বাংলাদেশ শিশু চলচ্চিত্র উৎসব ২০১৭’। উৎসবে শিশুতোষ চলচ্চিত্র ও শিশু নির্মাতাদের নির্মাণে মোট ৪০টি চলচ্চিত্র প্রদর্শিত হতে যাচ্ছে।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ জানায়, উৎসবে শিশুতোষ চলচ্চিত্র ও শিশু নির্মাতাদের চলচ্চিত্র উভয়ক্ষেত্রে পৃথকভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা এবং বিশেষ জুরি পুরস্কার প্রদান করা হবে।

‘শিশুতোষ চলচ্চিত্রে’র ক্ষেত্রে ক্রেস্ট ও সনদপত্রের পাশাপাশি শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কারের অর্থমূল্য থাকবে ১ লক্ষ টাকা, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ৫০ হাজার টাকা ও বিশেষ জুরি পুরস্কার ২৫ হাজার টাকা ।

‘শিশু নির্মাতা’দের চলচ্চিত্রের ক্ষেত্রে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কারের অর্থমূল্য থাকবে ৫০ হাজার টাকা, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ৩০ হাজার টাকা ও বিশেষ জুরি পুরস্কার ২০ হাজার টাকা।

এছাড়াও উৎসবের সমাপনী দিনে উৎসবে অংশগ্রহণকৃত চলচ্চিত্রের সকল নির্মাতাদের সনদপত্র প্রদান করা হবে।

উৎসবে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি থাকবে ২৯ ও ৩০ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে ‘চলচ্চিত্র অনুধাবন’ শীর্ষক কর্মশালা।

এছাড়াও ২৯ ডিসেম্বর বিকাল ৪টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম।

এ প্রসঙ্গে শিল্পকলা একাডেমি মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, “দেশীয় চলচ্চিত্রের বিকাশ ও উন্নয়ন এবং সুষ্ঠু ও নির্মল চলচ্চিত্র আন্দোলনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন করে চলেছে। একটি শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক-মূল্যবোধ সম্পন্ন জাতি গঠনে, বিশেষত শিশুদের সৃজনশীল করে গড়ে তুলতে, চলচ্চিত্রের ভূমিকা অপরিসীম। চলচ্চিত্রের সেই গুরুত্ব অনুধাবন করেই বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে ‘বাংলাদেশ শিশু চলচ্চিত্র উৎসব ২০১৭’।”

আগামি ২৮ ডিসেম্বর বিকাল ৫টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে উৎসবের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পী মুস্তাফা মানোয়ার, চলচ্চিত্র সংগঠক জনাব মুনিরা মোরশেদ মুন্নি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সাবরিনা সুলতানা চৌধুরী।

সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

এছাড়া স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক জনাব মো: বদরুল আনম ভূঁইয়া।