২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিএসসিতে সঞ্জীব উৎসব

আগামীকাল ২৫ ডিসেম্বর অকালপ্রয়াত জনপ্রিয় সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর জন্মদিন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2017, 05:47 PM

Updated : 12 Apr 2022, 12:58 AM

সঞ্জীব চৌধুরী বাংলা গানের এক চিরস্মরণীয় কণ্ঠ। আগামীকাল ২৫ ডিসেম্বর এ শিল্পীর জন্মদিনে প্রতিবারের মতো এ বছরও উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ‘সঞ্জীব চত্বরে’ সঞ্জীব উৎসব উদযাপন পর্ষদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ সঞ্জীব উৎসব।

সঞ্জীব উৎসব উদযাপন পর্ষদের পক্ষ থেকে সংগীতশিল্পী জয় শাহরিয়ার গ্লিটজকে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র সঞ্জীব চৌধুরী ছিলেন সৃষ্টিশীল শিল্পী, লেখক এবং সাংবাদিক। সঞ্জীব চৌধুরীর সাথে বাপ্পা মজুমদারের যুগলবন্দী ‘দলছুট’ ব্যান্ড উপহার দিয়েছিল অসংখ্য শ্রোতানন্দিত গান।

সাংবাদিকতা জগতে তাঁর সৃষ্টিশীল নানা কাজ নতুন দিগন্তের সূচনা করেছিল। তার স্মরণে ষষ্ঠবারের মতো আয়োজন করা হয়েছে সঞ্জীব উৎসব। এ উৎসবে অংশ নেবেন সঞ্জীব অনুরাগী জনপ্রিয় বেশকিছু ব্যান্ড ও শিল্পীরা।”

এবারের উৎসবে গান গাইবেন কন্ঠশিল্পী তরুণ, ডি রকস্টার শুভ, জয় শাহরিয়ার, সন্ধি, সভ্যতা, চিৎকার, গানকবি, অর্জন, সিনা হাসান এন্ড বাংলা ফাইভ, পার্পল রেইন, অনুরনণ, ক্ষ্যাপা, ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটি সহ আরও অনেকে।

এ উৎসবের আয়োজনে সার্বিক সহযোগিতায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি এবং আজব কারখানা।

সকলের জন্য উন্মুক্ত এ উৎসব বিকেল ৪টা থেকে শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত।

আমি তোমাকেই বলে দেবো, সাদা ময়লা, সমুদ্র সন্তান, জোছনা বিহার, তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও, আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ, স্বপ্নবাজি প্রভৃতি কালজয়ী গানের সাথে জড়িয়ে আছে সঞ্জীব চৌধুরীর নাম।

গাড়ি চলেনা, বায়োস্কোপ, কোন মিস্তরি নাও বানাইছে গানগুলো গেয়ে বাংলা লোকগানকে তিনি নাগরিক জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছেন।

তিনি ছিলেন জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’-এর অন্যতম প্রতিষ্ঠাতা। দলছুটের চারটি অ্যালবামে কাজ করার পাশাপাশি অনেক গান রচনা ও সুর দিয়েছেন তিনি।

১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকাল কান্দি গ্রামে জন্ম নেন এই শিল্পী । ২০০৭ সালের ১৯ নভেম্বর বাই লেটারেল সেরিব্রাল স্কিমিক স্ট্রোকে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার অকাল প্রয়াণ ছিলো বাংলাদেশের সংগীত ও সাংবাদিকতার জগতে অপূরণীয় ক্ষতি।