২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াসের গানে নিলয়

নতুন বছরে শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে হাজির হচ্ছে কণ্ঠশিল্পী ইলিয়াস।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2017, 07:01 PM

Updated : 12 Apr 2022, 12:58 AM

রঙিন আয়োজনে নিজের নতুন গান নিয়ে হাজির হচ্ছেন হালের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইলিয়াস। ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে নতুন বছরে প্রকাশিত হতে যাচ্ছে তার গান ‘হয়নি বলা’। গানটিতে ইলিয়াসের সহ-শিল্পী হয়েছে আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী নদী।

ওমর ফারুকের কথায় গানটির সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ।

ইলিয়াস বলেন, “অসম্ভব সুন্দর একটি গান। এর ভিডিও পরিকল্পনাও বেশ আলাদা। মডেল হিসেবে পেয়েছি নিলয়ের মতো জনপ্রিয় মুখকে। তাকে নিয়ে এটাই আমার প্রথম কাজ। সব মিলিয়ে নতুন বছরের প্রথম চমক হিসেবে কাজটি করার চেষ্টা করেছি। আমার বিশ্বাস মিউজিক ভিডিওটি শ্রোতা-দর্শকদের জন্য নতুন বছরের অন্যতম উপহার হবে।”

শুধু গান নয়, গানটিকে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে মিউজিক ভিডিও নিয়ে আসছেন ইলিয়াস। গানের প্রেক্ষাপটে তারই গল্পভাবনায় সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে টানা তিনদিন ধরে চিত্রায়িত হয়েছে গানটি। এটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এ গানের ভিডিওতে মডেল হয়েছেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর।

তিনি বললেন, “মিউজিক ভিডিওর গল্পটি যখন ইলিয়সের মুখে শুনি, এক কথায় ভালো লেগে যায়। গানটিও খুব সুন্দর। এই মিউজিক ভিডিওটি করতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে পুরো শুটিং ইউনিটকেই। আশা করছি গান ও ভিডিওটি সবার ভালো লাগবে।”

নিলয়ের সঙ্গে মিউজিক ভিডিওতে সহশিল্পী হয়েছেন কারিন নাজ। এছাড়া একই গানে দেখা যাবে চলচ্চিত্র অভিনেতা সিরাজ হায়দার এবং টিভি অভিনেতা কাজী উজ্জলকে।