২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অনুষ্ঠানটি প্রচার না হলে খুব খারাপ লাগে’

কিংবদন্তি সংগীতশিল্পী ফেরদৌসী রহমানের উপস্থাপনায় ৫২ বছর ধরে বিটিভিতে প্রচার হচ্ছে দেশের সবচেয়ে পুরানো টিভি অনুষ্ঠান ‘এসো গান শিখি’। ঐতিহ্যবাহী এ অনুষ্ঠান সিডিউল অনুসারে প্রচার হচ্ছে না বলে অভিযোগ তোলেন ‘গানের খালামনি’ খ্যাত এ সংগীতশিল্পী।

সাইমুম সাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2017, 05:37 PM

Updated : 11 Oct 2022, 02:52 PM

নানা ঘটনা পরিক্রমায় অনুষ্ঠানের নাম পাল্টে গেলেও এখনো শিশু-কিশোরদের কাছে দারুণ জনপ্রিয়তা ধরে রেখেছে এ অনুষ্ঠান। ফেরদৌসী রহমানের শারীরিক অসুস্থতার কারণে মাস ছয়েক বন্ধ থাকার পর চলতি বছরের অক্টোবর থেকে আবারও প্রচার শুরু হয়।

কিন্তু ‘এসো গান শিখি’র নির্ধারিত দিন (শনিবার) ও সময়ে (সাড়ে ১১টা) অন্য অনুষ্ঠান প্রচার হওয়ায় শিশুরা আগ্রহ হারিয়ে ফেলছেন বলে তার অভিযোগ।

শনিবার বিকেলে গ্লিটজকে এ সংগীতশিল্পী বলেন, “অনুষ্ঠানের জন্য যে সময়ই দেওয়া হচ্ছে তখন অন্য কোনো জাতীয় অনুষ্ঠান প্রচার হয়। ফলে প্রোগ্রামের সিডিউল ঠিক থাকছে না। নির্ধারিত সময়ে অনুষ্ঠানটা বাচ্চারা দেখতে না পেলে দ্বিতীয় দিন আর টিভির সামনে বসতে চায় না, আগ্রহ হারিয়ে ফেলে।”

এবারই প্রথম নয়, এর আগেও এমনটা ঘটেছে বলে জানান তিনি।

তিনি বলেন, “আগে এতটা হত না। কিন্তু এখন দেখা গেল, নেক্সট তিন সপ্তাহে অনুষ্ঠানটা প্রচার হল না তখন আমার খারাপ লাগে।

‘প্রোগ্রামটা যথেষ্ট এফোর্ট নিয়ে করতে হয় কিন্তু সেটা যদি উৎসাহব্যঞ্জক না হয় তাহলে তো খারাপ লাগারই কথা।”

ঠিক কী কারণে এমনটা ঘটছে?

এর উত্তর তার কাছেও নেই। দিন দুয়েকের মধ্যে টিভির কর্তাব্যক্তিদের সঙ্গে কথা বলতে চান তিনি।

তবে তিনি আশা করছেন, শুক্রবার-শনিবার না হলেও অন্তত বৃহস্পতিবার যেন অনুষ্ঠানের আরেকটি স্লট দেওয়া হয়। যাতে শিশুরা অনুষ্ঠানটি পরে হলেও দেখে নিতে পারে।

১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ফেরদৌসী রহমানের গাওয়া গানের মধ্য দিয়েই শুরু হয় বাংলাদেশ টেলিভিশনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়। ২৭ ডিসেম্বর ‘গান শেখার আসর’ নামে শুরু হয় এ অনুষ্ঠানটি।