২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড়দিনের নাটক ‘উপহার-৩’

আসন্ন বড়দিন উপলক্ষে নির্মিত হলো এক শিশুর মানবিকতার অসাধারন গল্প নিয়ে নাটক ‘উপহার-৩’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2017, 07:38 PM

Updated : 12 Apr 2022, 12:57 AM

গত ২ বছর বড়দিনের স্পেশাল নাটক নির্মাণ করে আসছেন পরিচালক জয়ন্ত রোজারিও। গত দুই বছর নির্মাণ করেছিলেন ‘উপহার’ এবং ‘উপহার-২’। এবারও জয়ন্ত রোজারিও নির্মাণ করলেন বড়দিনের স্পেশাল নাটক ‘উপহার-৩’।

গত দুইবারের মতো এবারও নাটকের চিত্রনাট্য লিখেছেন আপেল মাহমুদ, তবে মূল গল্প ডেভিড প্রনব দাশের। ৫ বছরের শিশু মৌরী গোমেজ ‘উপহার-৩’ নাটকের প্রধান চরিত্র।

নির্মাতা জয়ন্ত রোজারিও গ্লিটজকে বলেন, “শিশু বয়সেই মানবিকতার এক অসাধারন দৃষ্টান্ত স্থাপন করে মৌরী। সে প্রতিদিন কোনো না কোনো ভাল কাজ করে। তার দ্বারা মানুষ ভীষণভাবে প্রভাবিত হয়। মানুষকে ভালো করার এক অসীম ক্ষমতা নিয়ে জন্মেছে মৌরী। ছোট্ট মৌরীর মূল্যবোধের কাছে হার মানতে হয় অনেক বড় মানুষকেও।”

তিনি জানান, গল্পে মৌরী এমন একটি চরিত্র যে, প্রতিদিন হেঁটে স্কুলে যায়, হেঁটে ফেরে। টিফিনে না খেয়ে থাকে, শপিংয়ে যেতে চায়না আর কোনকিছু কিনতেও চায়না। এভাবে রিকশা ভাড়ার টাকা, টিফিনের টাকা, শপিং না করে বাঁচানো টাকা জমাতে থাকে মৌরী। কিন্তু কেন? সেই জট খুলবে পুরো নাটকটি দেখলেই।

‘উপহার-৩’ নাটকে অভিনয় করেছে ইন্তেখাব দিনার, মৌটুসী এবং আরো অনেকে। আসছে বড়দিনে নাটকটি জনপ্রিয় চ্যানেল এনটিভিতে প্রচারিত হবে।