২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাজী হায়াৎ-এর চলচ্চিত্রে শাকিব

পরিচালক কাজী হায়াৎ-এর নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করবেন অভিনেতা শাকিব খান। ছবিটি প্রযোজনা করবেন মোহাম্মদ ইকবাল।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2017, 05:39 PM

Updated : 12 Apr 2022, 12:58 AM

এ প্রযোজক শুক্রবার বিকেলে গ্লিটজকে এ তথ্য জানান। চলচ্চিত্রের নাম এখনো নির্ধারণ করা না হলেও শিল্পী নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি।

মোহাম্মদ ইকবাল বলেন, “শাকিব এখন দেশের বাইরে আছেন। ইতিমধ্যে তার সঙ্গে প্রাথমিকভাবে আলাপ হয়েছে। কাজী হায়াৎ-এর সঙ্গেও কথা হয়েছে। এটিই হবে তাদের প্রথম কোনো চলচ্চিত্র।”

চলচ্চিত্রটি নিয়ে তিনি বলেন, “কাজী হায়াৎ যে ধরনের চলচ্চিত্র নির্মাণ করেন এটিও সেই ধরনের গল্পের একটি সিনেমা। এতে অ্যাকশন থেকে ভালোবাসা-সবই থাকবে।”

এর আগে শাপলা মিডিয়া নামে আরেকটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে শাকিব খানকে নিয়ে ‘আমার স্বপ্ন, আমার দেশ’ নামে একটি চলচ্চিত্রের ঘোষণা দিয়েছিলেন কাজী হায়াৎ।

ওমর সানী-মৌসুমী জুটিকেও কাস্ট করিয়েছিলেন সিনেমায়। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠানের গড়িমসির কারণে ছবিটির ভবিষ্যত এখন অনিশ্চিত।

শাকিব খান বর্তমানে তরুণ পরিচালক রাশেদ রাহার ‘নোলক’ নামে একটি চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন ববি।