তুরস্কে পুরস্কৃত ‘অ্যা পেয়ার অব স্যান্ডেল’
তুরস্কের আনকারায় হাক-ইস স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হল রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেল।’ উৎসবে সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন চলচ্চিত্রের নির্মাতা জসীম আহমেদ।
বুধবার (২০ ডিসেম্বর) আনকারার হিলটন গার্ডেন ইন হোটেলে সমাপনী আয়োজনে তার হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়।
চলচ্চিত্র উৎসবটির আয়োজন করে তুরস্কের সংস্কৃতি ও ট্যুরিজম মন্ত্রণালয়।
নির্মাতা জসীম আহমেদ গ্লিটজকে বলেন, “উৎসবের সাইটে যেসব দেশ থেকে প্রচুর ছবি জমা পড়েছিল সেই দেশগুলোর নাম ছিল ওয়েবসাইটে। ৫৪০৪ টি ছবির মধ্যে বাংলাদেশ ছিল অন্যান্য তালিকায়। শেষ পর্যন্ত পুরস্কার জিতে নেওয়ায় বাংলাদেশের নাম উপরে উঠে এসেছে, যা আমাকে আপ্লুত করেছে।”
১২৪টি দেশ থেকে ৫ হাজার ৪০৪টি ছবি জমা পড়ে এবার। এর মধ্যে ছিল তুরস্কের ৫৬২টি, ভারতের ৫৬২টি, আমেরিকার ৫০০টি, ইরানের ৪৪৮টি, ইতালির ২৪৮টি, স্পেনের ২৪৭টি, ব্রাজিলের ২২৮টি, ফ্রান্সের ২২৬টি, রাশিয়ার ১১৯টি, জার্মানির ১২৬টি, কানাডার ১২৫টি, আর্জেন্টিনার ১২২টি, অস্ট্রেলিয়ার ৮৪টি, মেক্সিকোর ৭৬টি, পর্তুগালের ৭১টি, মিশরের ৫৮টি, পোল্যান্ডের ৫৪টি, গ্রিসের ৪৯টি, তাইওয়ানের ৩৯টি ও বাংলাদেশের ২টি ছবি।
কক্সবাজারের মেরিন ড্রাইভ থেকে ট্রাকে করে একদল শরণার্থীর আশ্রয়ের খোঁজে ছুটে চলা দিয়ে শুরু করে শাহ পরির দ্বীপ দিয়ে আগত আরেকদল শরণার্থীর আগমনের দৃশ্যে দেশ ফেলে আশ্রয় নেওয়া অসংখ্য মানুষের দুর্দশা তুলে ধরা হয়েছে পাঁচ মিনিট দৈর্ঘ্যের ‘অ্যা পেয়ার অব স্যান্ডেল’ প্রামান্যচিত্রটিতে।
ইংরেজি ভাষায় এই চলচ্চত্রটির স্ক্রিপ্ট লিখেছেন ফরিদ আহমেদ ও আবহসংগীত করেছেন রিপন নাথ।
জসীম আহমেদ নির্মিত ‘দাগ’ চলচ্চত্রটি ৭০তম কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম কর্ণারে প্রদর্শিত হয় যেটি এখন যুক্তরাজ্য ভিত্তিক শর্ট ইন্টারন্যাশনালের মাধ্যমে আমেরিকা ও ইউরোপে মুক্তির অপেক্ষায় রয়েছে।
