২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব শুরু

বিশ্বকবির গানে, সুরে সংস্কৃতির লড়াইকে বেগবান করার প্রত্যয়ে শুরু হলো চার দিনের জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2017, 09:15 PM

Updated : 11 Oct 2022, 02:51 PM

বুধবার সন্ধ্যায় জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে শুরু হয় এই উৎসব। রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার এই আয়োজনে যোগ দিয়েছেন দেশ-বিদেশের শতাধিক শিল্পী।

এবারের উৎসবের মূল প্রতিপাদ্য ‘তোমার গানের পদ্মবনে আবার ডাকো নিমন্ত্রণে/ তরি গোপন সুধাকণা আবার করাও পান,/তারি রেণুর তিলক লেখা আমায় করো দান’।

অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন উৎসবের, এরপরই সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনা।

দ্বিতীয় পর্যায়ে আলোচনা সভা; তাতে শিল্পী হাশেম খানকে সম্মাননা দেওয়া হয়। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন উৎসবের প্রধান অতিথি শিল্পী মুস্তাফা মনোয়ার।

স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক সাজেদ আকবর। সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি তপন মাহমুদ।

তারপর শিল্পীরা সমবেত হয়ে গেয়ে শোনান দেশমাতৃকার গান ‘ও আমার দেশের মাটি’। এরপরে গানে গানে শিল্পীরা প্রাণের অঞ্জলি দিয়ে স্মরণ করেন কবিগুরুকে।

উৎসবের প্রথম দিনে একক গান গেয়ে শোনান শিল্পী খন্দকার খাইরুজ্জামান কাইয়ুম, আজিজুর রহমান তুহিন, রানা সিংহ, টিপু চৌধুরী, প্রতীক এন্দ, উত্তম কুমার শর্মা, সুরাইয়া ফারাহ খান, ইয়াসমীন শফিক, প্রান্তিকা সরকার, রাবেয়া আখতার, সেলিনা হুদা, সীমা হুদা, নুসরাত জাহান সাথী, আঁখি হালদার, মিতা দে, সুমা রানী রায় প্রমুখ। আবৃত্তি করেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়।

সবশেষে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘রথযাত্রা’ মঞ্চস্থ করে লোকনাট্য দল। নাটকটির নিদের্শনায় ছিলেন লিয়াকত আলী লাকী।

চারদিনের এ উৎসব উৎসর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত মেয়র আনিসুল হক, নায়করাজ রাজ্জাক, সংগীতজ্ঞ সুধীন দাশ, অধ্যাপক-গবেষক করুণাময় গোস্বামী, শিল্পী আবদুল জব্বার, আবৃত্তিশিল্পী কাজী আরিফ, কণ্ঠশিল্পী বারী সিদ্দিকী, শিল্পী লাকী আখন্দ, অভিনেতা নাজমুল হুদা বাচ্চু, নৃত্যজন রাহিজা খানম ঝুনুকে।

উৎসবের দ্বিতীয় দিন বৃহস্পতিবার মীনু হকের পরিবেশনায় পল্লবী ড্যান্স সেন্টার পরিবেশন করবে নৃত্যালেখ্য ‘বিস্ময়ে জাগে প্রাণ’। তৃতীয় দিন শুক্রবার সম্মাননা জানানো হবে বংশীবাদক গাজী আবদুল হাকিম ও যন্ত্রসঙ্গীত শিল্পী দৌলতুর রহমানকে।

শনিবার উৎসবের শেষ দিন রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন ভারতের শিল্পী শ্রাবণী সেন, সুদেষ্ণা স্যান্যাল রুদ্র ও বিশ্বরূপ রুদ্র।