‘চলচ্চিত্র ডুবে গেছে’
বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে হতাশার কথা শোনালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পরিচালক কাজী হায়াৎ।
দেশীয় চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে বুধবার সন্ধ্যায় তিনি গ্লিটজকে বলেন, “দেশের সিনেমা নিয়ে আমি কিছু বুঝছি না। ভবিষ্যত খুব খারাপ। চলচ্চিত্র ডুবে গেছে। আর ভেসে উঠবে না।”
তিনি চলচ্চিত্র বিষয়ক সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’-এর সাধারণ সম্পাদক। চলচ্চিত্রের সংকট নিরসনে সংগঠনটি কী ভূমিকা পালন করছে তার কাছে জানতে চাইলে,
তিনি বলেন, “চলচ্চিত্র ফোরামের আর কী করার আছে। তবে এই মুহূর্তে আমার ইচ্ছা আছে একটি সেমিনার করার। এতে দর্শক ও বোদ্ধারা সিনেমার সংকট তুলে ধরবেন।”
চলচ্চিত্রের এ সংকটে প্রযোজকরাও মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে জানান তিনি। অভিনেতা শাকিব খানকে নিয়ে ‘আমার স্বপ্ন, আমার দেশ’ নামে একটি চলচ্চিত্রের ঘোষণা দিয়েছিলেন তিনি।
ওমরসানী-মৌসুমী জুটিকেও কাস্ট করিয়েছিলেন সিনেমায়। কিন্তু ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া সিনেমাটি নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছে বলে জানান কাজী হায়াৎ।
তিনি বলেন, “সিনেমাটি করব কি করব না-তা নিয়ে সন্দেহ আছে। সিনেমা চলছে না বলে প্রযোজকরা একটু শংকিত। প্রযোজকের আগ্রহ কম দেখছি। প্রযোজকের কোনো লোক যোগাযোগ করে না। আমি তো ওই ধরনের পরিচালক না যে, প্রযোজকের কাছে ধর্না দেব।”
তাহলে ছবিটির ভবিষ্যত কী?
এ নির্মাতা বলেন, “আমার জানা নেই।”
১৯৭৪ সালে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন কাজী হায়াৎ। প্রখ্যাত চলচ্চিত্রকার আলমগীর কবিরের সাথে ‘সীমানা পেরিয়ে’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। ১৯৭৯ সালে ‘দি ফাদার’ চলচ্চিত্রের মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর অর্ধশত সিনেমা নির্মাণ করেছেন তিনি।
