‘ভালো লাগছে ভারতবর্ষে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে’
কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘বিসর্জন’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রী হিসেবে জয়া পেলেন জি সিনে অ্যাওয়ার্ড।
কৌশিক গাঙ্গুলীর ‘বিসর্জন’ অর্জনের উপলক্ষ্য হয়েই ধরা দিয়েছে জয়ার কাছে। ছবিটির জন্য একের পর এক পুরস্কার-সম্মাননায় ভূষিত হচ্ছেন জয়া।
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ছবিটির জন্য এবার সেরা অভিনেত্রী হিসেবে জয়া পেলেন ‘জি সিনে অ্যাওয়ার্ডস’।
মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইয়ে বিকে গ্রাউন্ডসে জয়ার হাতে পুরস্কার তুলে দেন তামিল ভাষার চলচ্চিত্র নির্মাতা অশ্বিনী তিওয়ারী।
পুরস্কার প্রাপ্তির পর থেকেই সামাজিক যোগযোগ মাধ্যমে শুভেচ্ছার বন্যায় ভাসছেন জয়া।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় মুম্বাই থেকে বুধবার গ্লিটজকে জয়া বলেন, “পুরস্কার পাওয়াটাতো সবসময়ই খুব সম্মানের, ভালো লাগে। তবে এবারের পুরস্কারটা ন্যাশনাল লেভেলের একটা পুরস্কার ছিলো। মুম্বাইয়ের প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড।
এর আগে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল বেঙ্গলি ফিল্ম অ্যাওয়ার্ডে সমালোচকদের দৃষ্টিতে সেরা অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হন জয়া।
ভারতের ৬৪তম জাতীয় পুরস্কারে বাংলা ভাষায় সেরা চলচ্চিত্রের পুরস্কার পায় ছবিটি। চলচ্চিত্রটিতে জয়ার বিপরীতে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়। অপেরা মুভিজের ব্যানারে চলতি বছর পহেলা বৈশাখ কলকাতায় মুক্তি পায় ছবিটি।
এদিকে কলকাতার ২০১৭ সালের ‘সেরা ১০ টালিউড অভিনেত্রী’র তালিকায় শীর্ষে আছেন জয়া।
সম্প্রতি ভারতের এক জনপ্রিয় অনলাইনের জরিপে উঠে এসেছে তার নাম।এতে প্রথম অবস্থানেই রয়েছেন জয়া আহসান।
এরপর ধারাবাহিকভাবে আছেন সোহিনী সরকার, মিমি চক্রবর্তী, স্বস্তিকা মুখার্জি, শুভশ্রী গাঙ্গুলী, রুক্মিণী মিত্র, পাওলি দাম, তনুশ্রী চক্রবর্তী, কোয়েল মল্লিক ও নুসরাত জাহান।
