২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হল জাতীয় নৃত্যনাট্য উৎসব

ঢাকা ও ঢাকার বাইরের নৃত্য সংগঠনের অংশগ্রহণে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হলো পাঁচ দিন ব্যাপী জাতীয় নৃত্যনাট্য উৎসব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2017, 01:13 AM

Updated : 12 Apr 2022, 12:57 AM

`বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন রুখে দিয়ে তরুণ প্রজন্মকে শেকড়ের কৃষ্টি- সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে’ তৃতীয়বারের মতো উৎসবটি আয়োজন করেছে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা।

সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় উৎসব উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে নৃত্যশিল্পী সংস্থার  অন্যতম প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা প্রয়াত নৃত্যশিল্পী রাহিজা খানম ঝুনুকে।

বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মীনু হক বলেন, “বিগত কয়েক বছরে আমাদের সংস্কৃতি অঙ্গনের ওপর কালো থাবা বিস্তার করলেও শিল্পী সমাজ থেমে থাকেনি। দেশের শেকড়ের কৃষ্টি-সংস্কৃতি চর্চা হুমকির মুখে যখন, তখন নৃত্যশিল্পীরাও সরব ছিল সাংস্কৃতিক আন্দোলনে। সেই ধারাবাহিকতা থেকেই এ উৎসব আয়োজন করছি।

“নৃত্যশিল্পীরা বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন রুখে দিয়ে তরুণদের বিপথগামিতা রুখে দেওয়ার শপথ নেবে এই উৎসবে।”

মীনু হক জানান, উৎসবের নৃত্যনাট্যগুলোতে বাংলার লোকগাথা, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নিয়ে রচিত নৃত্যনাট্যগুলো মঞ্চস্থ হবে।

উৎসবের উদ্বোধনী দিনে কত্থন পর্ব শেষে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের শিল্পীরা পরিবেশন করেন নৃত্যনাট্য ‘সূর্যমুখী নদী’।

মঙ্গলবার এই মঞ্চে চট্টগ্রামের শিল্পীরা ‘মায়ার খেলা’ এবং সাতক্ষীরার শিল্পীরা ‘চণ্ডালিকা’,  বুধবার সিলেটের শিল্পীরা ‘দ্রোহকাল’, রাজশাহীর শিল্পীরা ‘বিদায় অভিশাপ’ মঞ্চস্থ হবে।

মাঝে দুদিন বিরতি দিয়ে একই মঞ্চে ২৩ ডিসেম্বর ময়মনসিংহের শিল্পীরা ‘মহুয়া’ এবং কিশোরগঞ্জের শিল্পীরা ‘সোনাই মাধব’ পরিবেশন করবেন।

২৪ ডিসেম্বর খুলনার শিল্পীদের নৃত্যনাট্য ‘নকশী কাঁথার মাঠ’ পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে উৎসবের ঢাকা পর্ব।

জানুয়ারিতে ঢাকার  নৃত্যশিল্পীদের দল চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, নোয়াখালী, হবিগঞ্জ, নাটোর, ময়মনসিংহে নৃত্যনাট্য নিয়ে যাবেন।

শিল্পকলা একাডেমির  জাতীয় নাট্যশালা চলমান উৎসবটি প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে।

পুরান ঢাকায় বিজয় উৎসব

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি ও ৪৭তম বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব ষষ্ঠ দিনে গড়িয়েছে।

সোমবার বিকালে জোটের বিজয় উৎসবটি অনুষ্ঠিত হয়েছে সদরঘাটের বাহাদুর শাহ্ পার্ক মঞ্চে।

অনুষ্ঠানের প্রথম পর্বে কত্থনে যোগ দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতিগোলাম কুদ্দুছ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়সহ নগর আওয়ামী লীগের নেতারা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে শুরুতে ছিল  শিশু সংগঠন মৈত্রী শিশু দল ও সপ্তকলির আসরের পরিবেশনা।

একক সংগীত পরিবেশন করেন শিবু রায়, শামিম চৌধুরী শ্যামল, সালমা চৌধুরী, আবিদা রহমান সেতু, ঊর্মি হালদার, শাহানা সুলতানা লাকী, উদয় শংকর বসাক, আনিসা বিনতে আব্দুল্লাহ ও নুরুল আমিন।

দলীয় সংগীত পরিবেশন করে  জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদ, আওয়ামী শিল্পীগোষ্ঠী, বুলবুল একাডেমি অব ফাইন আর্টস্ (বাফা)-র শিল্পীরা।

একক আবৃত্তি পরিবেশন করেন রফিকুল ইসলাম, পদ্মাবতী দেবী। চরমপত্র পাঠ করেন সৈয়দ শহিদুল ইসলাম নাজু ও তামান্না সারোয়ার।

দলীয় নৃত্য পরিবেশন করে স্পন্দন।  শেষে মঞ্চস্থ হয় পথনাটক- মুক্তদ্বীপ।