২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবসকিওরে ভাঙন

‘কোনো আলোচনা ছাড়াই’ ব্যান্ডদল ‘অবসকিওর’-এর তিন সদস্য যোগ দিয়েছেন ‘আভাস’ নামে আরেক ব্যান্ডে।

সাইমুম সাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2017, 07:47 PM

Updated : 11 Oct 2022, 02:51 PM

বিষয়টি গ্লিটজকে নিশ্চিত করেছেন ‘অবসকিওর’-এর প্রধান ও সংগীতশিল্পী সাইদ হাসান টিপু।

ব্যান্ডের তিন সদস্য-গিটারিস্ট রাজু, ড্রামার রিংকু ও কী-বোর্ডিস্ট শাওন শনিবার (১৬ ডিসেম্বর) থেকে সংগীতশিল্পী তানযীর তুহীনের নতুন ব্যান্ড ‘আভাস’-এ যোগ দিয়েছেন।

‘অবসকিওর’-এর সদস্য থাকা অবস্থায় দলটির সঙ্গে কোনো রকম আলোচনা না করেই তারা তিনজন এ সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ তোলেন টিপু।

শনিবার (১৬ ডিসেম্বর) চিটাগাং ক্লাবে ব্যান্ডটির শো’তে তারা তিনজনই পারফর্মও করেছেন। সেদিনই তাদের ‘আভাস’-এ যোগ দেওয়ার খবর পান বলে জানান তিনি।

Image
বাম থেকে শাওন, রিংকু ও রাজু

বাম থেকে শাওন, রিংকু ও রাজু

দলপ্রধান টিপু বলেন, “ওরা তিনজন আমাকে কিছুই জানায়নি। ওরা নিজেরা নিজেরাই সবকিছু করেছে। আমরা যেহেতু অবগত ছিলাম না সেহেতু ওদের একসেপ্ট করার কোনো প্রশ্নই উঠে না। সেই কারণেই তারা আর ‘অবসকিওর’-এ নেই।”

বিষয়টি নিয়ে তাদের সঙ্গে কোনো কথা হয়েছে?

তিনি বলেন, “তাদেরকে যখন বিষয়টি জিজ্ঞাসা করেছি তখন তারা বলেছে, ‘খ্যাপ ব্যান্ড’ হিসেবে ওটাতে (আভাস) বাজাবে। কিন্তু তুহীন ভাই এভাবে ছবি-টবি ফেইসবুকে দিয়ে দেবে এটা আমরা জানতাম না।”

দলের কারো সঙ্গে তাদের ব্যক্তিগতভাবে কোনো মনোমালিন্য নেই বলে জানান টিপু। মূলত তাদের সঙ্গে আলোচনা না করে আরেকটি ব্যান্ডে যোগ দেওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বললেন তিনি।

তাদের তিনজনের পরিবর্তে ইতিমধ্যে দুই সদস্য যোগ দিয়েছেন ‘অবসকিওর’-এ। দলে ফিরেছেন কী-বোর্ডিস্ট বিনোদ রায়। যোগ দিয়েছেন গিটারিস্ট ফয়সাল।

“ড্রামারের জন্য অডিশন নিয়েছি। তবে আমরা একটু অপেক্ষা করছি। একজন ভালো ড্রামার এই মুহূর্তে দেশের বাইরে আছেন। ডিসেম্বরের ২৫ তারিখে ঢাকায় ফিরবে। ওর সঙ্গে কথাবার্তা ফাইনাল হলেই আনুষ্ঠানিকভাবে জানাবো।”-বললেন টিপু।

নতুন লাইনআপে কবে গানে ফিরছে দলটি?

তিনি বলেন, “পনেরো থেকে বিশ দিন সময় লাগবে। প্র্যাকটিসের জন্য সময় নেবো। টিভি শো দিয়ে শুরু করবো। তারপর আগের মতো কাজে ফিরব।”

১৯৮৫ সালের ১৫ মার্চ খুলনায় অবসকিওর প্রতিষ্ঠা করেন সংগীতশিল্পী সাইদ হাসান টিপু।