নিজের লেখা গানে বাপ্পা মজুমদার
বছর চারেকের বিরতি ভেঙে আবারো গান লিখলেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। ‘সব চুপ’ শিরোনামে নিজের লেখা গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি। সুর ও সংগীতায়োজনও তার।
রোববার সন্ধ্যায় গ্লিটজকে বলেন, “আমি গান নিয়মিত লিখি না। ব্যক্তিগত অনুভূতির জায়গা থেকে দীর্ঘদিন পর কোনো গান লিখলাম। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।”
চলতি মাসের শেষের দিকে গানটি অনলাইনে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাপ্পা মজুমদার। অডিও গানের পাশাপাশি গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে ইতিমধ্যে।
ভিডিওটি নির্মাণ করেছেন পৃথ্বিরাজ। ভিডিওর শুটিং হয়েছে বাপ্পার নিজের স্টুডিওতেই। মিউজিক ভিডিওটিও খুব শিগগিরই মুক্তি পাবে বলে জানালেন তিনি।
তার ব্যান্ডদল ‘দলছুট’ থেকেও নতুন অ্যালবাম আসছে বলে জানালেন তিনি। ইতিমধ্যেই দু’টি গানের রেকর্ডিং শেষ হয়েছে। বাকি আরো পাঁচটি যুৎসই গান খুঁজছে দলটি।
দলের বর্তমান দলনেতা বাপ্পা মজুমদার গ্লিটজকে জানালেন, “এ বছরের শেষ নাগাদ অ্যালবামের কাজ শেষ হবে। দু’টি গানের রেকর্ডিং ইতিমধ্যে হয়ে গেছে। গানগুলো লিখেছেন শাহান কবন্ধ। ভিন্ন কিছু হবে আশা করছি। পুরোটাই ম্যানুয়াল প্লেয়িংয়ের উপর হবে। ব্যান্ডের সবারই অংশগ্রহণ থাকবে।”
