ঐশ্বরিয়াকে ‘আরাধ্যার মতো’ করতে মানা করলেন অমিতাভ
সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে শ্বশুর অমিতাভ বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়া রাই বচ্চনের খুনসুটির একটি ভিডিও!
পুত্রবধূ ঐশ্বরিয়ার সঙ্গে অমিতাভের সম্পর্ক বন্ধুর মতো। এ খবর কারও অজানা নয়। সুযোগ পেলেই শ্বশুরমশাইয়ের সঙ্গে মশকরা করতে ছাড়েন না বচ্চনবধূ!
সম্প্রতি ২০১৫ সালের ‘স্টারডাস্ট পুরস্কার’ অনুষ্ঠানে শ্বশুর-পুত্রবধূর খুনসুটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে।
ইন্ডিয়া টুডে জানায়, সম্প্রতি ইন্সটাগ্রাম পেইজে ভিডিওটি প্রকাশ করেছে ঐশ্বরিয়া ফ্যান ক্লাব। ভিডিটিওতে দেখা গেছে পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত অ্যাশ বিগ বি’কে জড়িয়ে ধরে বলছেন, ‘ইউ আর দ্য বেস্ট’। জবাবে অমিতাভ বলেন, “আরাধ্যার মতো কোরো না!”। তবে শ্বশুরের আদরমাখা বকুনি খেয়ে আবারও ছোট বাচ্চাদের মতো বিগ বি’র দাড়িতে হাত বুলিয়ে দিতে দেখা গেছে অ্যাশকে!
‘স্টারডাস্ট ২০১৫’ এর আসরে ‘জাজবা’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান ঐশ্বরিয়া আর ‘পিকু’র জন্য সেরা অভিনেতার পুরস্কার লাভ করেন অমিতাভ বচ্চন।
সম্প্রতি ‘ঠগস অফ হিন্দোস্তান’ এর শুটিং শেষ করেছেন অমিতাভ। এতে আরও অভিনয় করছেন আমির খান, ক্যাটরিনা কাইফ প্রমুখ। সামনেই ‘১০২ নট আউট’-এ ১০২ বছরের বৃদ্ধের ভূমিকায় দেখা যাবে তাকে।
অন্যদিকে অনিল কাপুরের বিপরীতে শিগগিরি মিউজিক্যাল ড্রামা ‘ফ্যানি খান’ এর শুটিং শুরু করবেন ঐশ্বরিয়া।
