২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেব্রুয়ারি থেকে নিয়মিত কনসার্টে অংশ নেবে ‘আভাস’

শিরোনামহীন ছাড়ার পর সম্প্রতি 'আভাস' নামে একটা ব্যান্ডদল গড়েছেন তুলেছেন তানযীর তুহীন । গ্লিটজকে জানালেন নতুন বছরের জানুয়ারিতেই আসছে আভাসের নতুন গান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2017, 07:13 PM

Updated : 12 Apr 2022, 12:55 AM

রোববার বিকেলে তুহীন গ্লিটজকে বলেন, “নতুন বছরে ভক্তদের কিছু দেওয়া উচিৎ, এই তাড়না থেকেই গানটা করছি। আশা করছি শ্রোতারা হতাশ হবেন না।”

শিরোনামহীনের তুহীন আর আভাসের তুহীনের মধ্যে শ্রোতারা কী পার্থক্য পাবে?

গ্লিটজের এমন প্রশ্নে তুহীন বলেন, “আজকের তুহীন আর আগামীকালের তুহীন এক হতেও পারে নাও পারে। আসলে এই ব্যপারগুলো আপেক্ষিক। আমার মনে হয় শ্রোতারা ব্যান্ডকে কেন্দ্র করে পার্থক্য খুঁজবেন না। মানুষটা তো সেই তুহীনই থাকছি শেষমেশ, গায়কীটাও কিন্তু আমারই থাকছে।”

তুহীন আরও বলেন, “ফেব্রুয়ারি থেকে নিয়মিত কনসার্টে অংশ নেব। আমি আমার সকল শ্রোতাদের কাছে আভাসের জন্য আমাদের ব্যান্ড মেম্বারদের জন্য দোয়া চাইছি। তাদের ভালোবাসাতেই তো আজ আমি তুহীন।”

'আভাস' ব্যান্ডের লিড গীটারিস্ট সুমন, বেইজ গিটারে থাকছেন রাজু, ড্রামার রিঙ্কু এবং  কী-বোর্ডে শাওন। কিন্তু এদের মধ্যে রাজু, রিঙ্কু ও শাওন আরেক ব্যান্ড অবসকিওরের সদস্য।

আভাস আর অবসকিওরেরও কনসার্ট একসঙ্গে থাকলে কী হবে, জানতে চাইলে তুহিন বলেন, “আশা করছি এ নিয়ে ঝামেলা হবেনা। আমরা নিজেরা কথা বলে ঠিক করে নেব। আর ওরা তিনজনই মূলত আমাকে খুঁজে বের করেছে তার পর এই ব্যান্ড করা।”

তাহলে কী রাজু, রিঙ্কু ও শাওন অবসকিওর ছেড়ে দিচ্ছেন?

গ্লিটজের এমন প্রশ্নে তুহীন বলেন, “না না সেরকম কিছু হচ্ছে না।”