২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এই প্রথম রাজাকার চরিত্রে নিশো

কৌশিক শংকর দাস নির্মিত ‘সমর্পণ’ নাটকের মধ্য দিয়ে এই প্রথম রাজাকার চরিত্রে অভিনয় করলেন আফরান নিশো।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2017, 05:38 PM

Updated : 11 Oct 2022, 02:50 PM

মনসুর রহমান চঞ্চলের রচনায় কৌশিক শংকর দাশের পরিচালনায় নির্মিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘সমর্পণ’। বিজয় দিবসের বিশেষ নাটক হিসেবে প্রচারিত হবে নাটকটি।

মিলিটারির আক্রমণ থেকে গ্রামকে বাঁচাতে গিয়ে রাজাকার হয়ে পড়েন গ্রাম্য যুবক ফোরকান। গ্রামের মেয়েদের ধরে নিয়ে তুলে দেয় পাক হানাদারের হাতে।

গ্রামের লোকজন যখন এইসবের জন্য ফোরকানের কাছে জবাব চাইতে আসে ফোরকান শুধু বলে- “দুই একজন মানুষের জন্য যদি পুরোগ্রাম রক্ষা পায় সেটা কি খারাপ কাজ? এই গ্রাম  রক্ষার দায়িত্ব আমার, আমিই বুঝবো কোনটা ভাল কোনটা মন্দ”।

এইসব কথার সাথে গ্রামবাসী পেরে উঠে না। স্ত্রীর প্রতিবাদও তাকে ফেরাতে পারে না। হঠাৎ ফোরকানের বাড়িতে আশ্রয় নিতে আসে শিউলি নামের অচেনা এক মেয়ে। তারপর কাহিনি মোড় নেয় অন্যদিকে।

নাটকটি নিয়ে নির্মাতা কৌশিক শংকর দাস গ্লিটজকে বলেন, “মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করা কঠিন মনে হয় আমার। সেই সময়টা তুলে আনা খুব কঠিন। তাছাড়া গল্পের ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা আছে। তাই বেশি নাটক করিনি। এই নিয়ে মাত্র তিনটা।

এই গল্পের বিশেষত্ব ছিলো নাটকের মূল চরিত্র ফোরকান স্বাধীনতা বিরোধী কিন্তু তার স্ত্রী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নিয়মিত শ্রোতা। চরমপত্র তার প্রিয় অনুষ্ঠান। একই বাড়িতে আপন দুইজন দুই মেরুর। তাদের দ্বন্দ্বটা আমাকে ভাবিয়েছে। ফোরকানকে মোটা দাগে একজন রাজাকার বলা যায় ।”

নাটকে প্রথমবারের মতো রাজাকার চরিত্রে অভিনয় করলেন আফরান নিশো। নাটকে তার চরিত্রটির নাম ফোরকান। অন্যদিকে ফোরকানের স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া খানম। বিশেষ একটি চরিত্রে দেখা দেবেন রিমি করিম।

নির্মাতা বললেন, “নিশো প্রথম এরকম একটা রোল করলো। ওর সাথে কাজ করলাম প্রায় তিনবছর পর। যেহেতু নিশো ভিন্নরকম চরিত্র নিয়ে নীরিক্ষা করে, তাই ভাবলাম সে এই চরিত্রের জন্য যথার্থ হবে। সেও আমাকে হতাশ করেনি।

নাদিয়া খানমও তরুণ অভিনেত্রী। আমরা ওদের খুব সাধারণ রোল দেই। বৈচিত্রময় চরিত্রগুলোতেও ওরা যে ভালো করতে পারে সে চিন্তা থেকেই তাদের নিয়ে কাজ করা।”

১৬ ডিসেম্বর রাত ৮ টায় আরটিভিতে প্রচারিত হবে নাটকটি।