দুরন্ত টিভিতে ‘আমরা তোমাদের ভুলব না’
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দুরন্ত টিভিতে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘আমরা তোমাদের ভুলব না’। অনুষ্ঠানে গল্পে গল্পে একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কাহিনি জানবে শিশুরা।
একদল শিশু দিনভর ঘুরে দেখলেন রায়ের বাজারে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। তাদের সঙ্গে ছিলেন শহীদ বুদ্ধিজীবী শিল্পী আলতাফ মাহমুদের সন্তান শাওন মাহমুদ ও শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক সিরাজউদ্দীন হোসেনের সন্তান জাহীদ রেজা নূর।
তাদের কাছে শিশুরা জানতে চেয়েছে বুদ্ধিজীবী দিবস কী, কেন আমরা দিবসটি পালন করি। তাদের সঙ্গে কথা বলে এ প্রজন্মের শিশুরা জানছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে কেন ও কীভাবে এদেশের মেধাবী সন্তানদের হত্যা করা হয়েছে।
অনুষ্ঠানে বুদ্ধিজীবীদের সন্তানেরা শুনিয়েছেন দেশ ও জাতিকে মেধাশূন্য করতে কীভাবে এদেশের শিক্ষক-সাহিত্যিক-চিকিৎসক-সাংবাদিক-শিল্পীদের নির্মমভাবে হত্যা করেছে পাকিস্তানী হানাদার ও তাদের এ দেশীয় দোসর রাজাকার-আলবদর-আল শামস বাহিনী।
বুদ্ধিজীবী স্মৃতিসৌধ দেখা আর গল্প শোনার সেই আয়োজন নিয়ে ফাহিমা আহমেদ চৈতীর পরিচালনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ১৪ ডিসেম্বর রাত সাড়ে ৯টায়।
বুদ্ধিজীবী সাংবাদিক সিরাজউদ্দীন হোসেনকে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও আলবদর ও রাজাকার বাহিনীর সদস্যরা তাঁকে রাজধানীর চামেলীবাগের বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এরপর তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। তিনি ছিলেন বাংলাদেশে অনুসন্ধানী প্রতিবেদনের জনক।
বুদ্ধিজীবী আলতাফ মাহমুদ ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি মুক্তিযোদ্ধাদের নিয়ে তাঁর বাসায় গোপন ক্যাম্প স্থাপন করেন। কিন্তু ক্যাম্পের কথা ফাঁস হয়ে গেলে ১৯৭১ সালের ৩০ আগস্ট পাকিস্তানি বাহিনী তাঁকে আটক করে। তাঁর ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। তাঁর বাসা থেকে আরো অনেক গেরিলা যোদ্ধা আটক হয়। এদের অনেকের সাথে তিনিও চিরতরে হারিয়ে গেছেন।
