দুই বাংলার গানে কমলিকা
ইন্দিরা গান্ধী কালচারার সেন্টারের (আইজিসিসি) আয়োজনে দুই বাংলার দেশাত্মবোধক গান পরিবেশন করবেন সংগীতশিল্পী কমলিকা চক্রবর্তী।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল অডিটোরিয়ামে এ সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে বলে গ্লিটজকে জানিয়েছেন তিনি।
এ শিল্পী বলেন, “আমি একজন ভারতীয়। সে হিসেবে আইজিসির অনুষ্ঠানে গান করতে পারাটা আমার জন্য অনেক আনন্দের।
অনুষ্ঠানে দুই বাংলার দেশাত্মবোধক গান পরিবেশন করব। বাংলাদেশের গানের মধ্যে-‘সব ক’টা জানালা খুলে দাও না’, ‘একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি’ গাইব। আর ভারতীয় গানের মধ্যে ‘ভারত আমার ভারতবর্ষ’ পরিবেশন করব।”
এর আগে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা গানে কণ্ঠ দিয়েছেন কমলিকা। ‘একজন বঙ্গবন্ধু’ শিরোনামের গানটি শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপ্লুত হয়েছিলেন।
কমলিকার জন্ম ভারতে হলেও তিনি বর্তমানে বাংলাদেশেই বাস করছেন। তিনি প্রয়াত সাংবাদিক বেবী মওদুদের পুত্রবধূ। বাংলাদেশ ও ভারতে স্টেজ শো করে দর্শকদের মাঝে আলাদা পরিচিতি পেয়েছেন।
