২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা কণ্ঠে মিতালী মুখার্জি ও তপন চৌধুরীর গান

‘চ্যানেল আই সেরা কণ্ঠ-২০১৭’ এর মঞ্চে মিতালি মুখার্জী ও তপন চৌধুরীর গান গাইবেন নবীন শিল্পীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2017, 06:25 PM

Updated : 12 Apr 2022, 12:52 AM

বাংলা আধুনিক গানের জনপ্রিয় দুই শিল্পী তপন চৌধুরী ও মিতালী মুখার্জী। দ্বৈত কণ্ঠে তাদের গাওয়া গান আজও ফিরছে মানুষের মুখে মুখে। এবার তাদের গান কণ্ঠে তুলে নেবেন নবীন শিল্পীরা। গানগুলো শোনা যাবে `চ্যানেল আই সেরা কণ্ঠ-২০১৭’ প্রতিযোগিতার আসরে।

সেরা কণ্ঠ প্রতিযোগিতাটি পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। এ প্রসঙ্গে তিনি বলেন, “২০ জন প্রতিযোগী দুটি গ্রুপে ভাগ হয়ে গান করবেন মিতালী মুখার্জি এবং তপন চৌধুরীর গান। শুধু তাই নয় সুবর্না মুস্তাফা অভিনীত চলচ্চিত্রের গানও গাইবেন তারা। এ দুটি পর্বে অতিথি বিচারক হিসেবে থাকবেন তপন চৌধুরী ও সুবর্না মুস্তাফা।”

বিভিন্ন ধাপ পেরিয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে পৌঁছেছে ‘সেরা কণ্ঠ ২০১৭’ এর প্রতিযোগীরা। মিতালি মুখার্জী ও তপন চৌধুরীর গান নিয়ে দুটি পর্ব প্রচার হবে ১১ ও ১২ ডিসেম্বর রাত ৮ টায়। এরপর শুরু হবে দ্বিতীয় সেমিফাইনাল রাউন্ড।

চ্যানেল আই আয়োজিত এ প্রতিযোগিতার প্রধান বিচারক কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী, কুমার বিশ্বজিৎ ও মিতালী মুখার্জী। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মারিয়া নূর।