২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘লুডু স্টার’ ভক্ত শাহরুখ

মুক্তির আগে থেকেই আলোচনায় আনন্দ এল রাই এর পরিচালনায় শাহরুখ খানের নতুন সিনেমা। এবারে এ ছবির শুটিং সেটে লুডু খেলে সময় কাটাতে দেখা গেলো বলিউড বাদশাকে!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2017, 08:21 PM

Updated : 19 Aug 2022, 06:06 PM

রোমান্টিক অবতার ভেঙে প্রথমবারের মতো ‘বামন’ বা ‘ক্ষুদে মানব’ চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। এ কারণে মুক্তির আগে থেকেই আনন্দ এল রাই এর নতুন সিনেমা ঘিরে দর্শক আগ্রহের কমতি নেই।

নাম চূড়ান্ত না হওয়া এ ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে হালের তিন জনপ্রিয় বলিউড অভিনেত্রী- দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মাকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি সিনেমার শুটিং সেটে তোলা একটি ছবি টুইটারে প্রকাশ করেছে শাহরুখ খানের ব্যক্তিগত সহকারী পূজা দাড়লানী। ছবিতে হালের জনপ্রিয় অনলাইন গেইম ‘লুডু স্টার’এর স্কোর সম্বলিত একটি ছবিতে দেখা গেছে শাহরুখ খানের নাম। স্কোরবোর্ডে আরও রয়েছে পূজা দাড়লানী ও পরিচালক আনন্দ এল রাই এর নামও!

 

পোস্টে পূজা লিখেছেন, ‘শুটিং এর ফাঁকে লুডু খেলায় মেতেছেন শাহরুখ ও আনন্দ এল রাই। সবাইকে টপকে এক নম্বর বিজয়ী হয়েছেন কিং খান আর হেরেছেন পরিচালক আনন্দ এল রাই!’

অভিনয়ের পাশাপাশি লুডু খেলুড়ে হিসেবেও যে দুর্দান্ত ‘কিং খান’ এ খবর কতজনই বা জানতেন আগে?

 

এর আগে এ ছবির শুটিং সেটে দীপিকা ও ক্যাটরিনার সঙ্গে সেলফি তুলে সাড়া ফেলেছিলেন শাহরুখ। রণবীর কাপুরের দুই সাবেক প্রেমিকা একে অপরকে এড়িয়ে চললেও ‘রইস’ তারকার ক্যামেরায় একসঙ্গেই ধরা পড়েছিলেন তারা!