দেশে মিলছে সাড়া, বিদেশের ২০ প্রেক্ষাগৃহে ‘হালদা’
১ ডিসেম্বর সারাদেশে ৮৯টি হলে মুক্তি পেয়েছে তৌকির আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘হালদা’। এবার চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে বিশ্বের বিভিন্ন শহরের ২০টি প্রেক্ষাগৃহে। বিষয়টি গ্লিটজকে নিশ্চিত করেছেন ছবিটির পরিবেশক জাহিদ হাসান অভি।
মুক্তির প্রথম দিনে সাড়া ফেলেছে জাহিদ হাসান-তিশা-মোশাররফ করিম অভিনীত ‘হালদা’। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহ হাউজফুল গিয়েছে বলে জানা গেছে। ছবির পরিবেশক জাহিদ হাসান অভি বলেন, ‘ঢাকা অ্যাটাক’ এর পর মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলোর মধ্যে ‘হালদা’র দর্শক সাড়া আশাব্যঞ্জক। রাজধানীর সিনেপ্লেক্সগুলো ছাড়াও বলাকা, সনি সহ বেশ ঢাকার বাইরে হলগুলোতে হাউজফুল গেছে। আমরা আশা করছি আগামী দিনগুলিতেও দর্শক বাড়তে থাকবে।”
এ প্রসঙ্গে ছবিটির পরিবেশক জাহিদ হাসান অভি জানান, ৮ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রের ৫টি শহরের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘হালদা’। শহরগুলো হলো নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস, ডালাস, ফ্লোরিডা ও ভার্জিনিয়া। সেখানে রিগ্যাল ও সিনেমার্ক মাল্টিপ্লেক্সে দর্শকরা ছবিটি উপভোগ করতে পারবেন। একই দিনে কানাডার টরন্টো আর মিসিসাগা শহরে মুক্তি পাবে ছবিটি। ‘হালদা’ মুক্তি পাচ্ছে ওমানের ৪টি প্রেক্ষাগৃহেও। পর্যায়ক্রমে ইউএই-এর ৬টি শহরেও মুক্তির কথা রয়েছে ছবিটির।
শনিবার, হালদা টিম ছবির প্রচারণায় বুয়েট ক্যাম্পাসে গেছে। এ সময় বুয়েট ফটোগ্রাফী সোসাইটি আয়োজিত "আওয়ার সিটি, আওয়ার ভিশন" ফটো এক্সিবিশনের উদ্বোধন করেন তৌকির। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত ইমরোজ তিশা।
