‘ব্যান্ড ফেস্ট’ মাতালো ১৬ ব্যান্ড
ব্যান্ড সংগীতের প্রসারে ৪র্থ বারের মতো চ্যানেল আইয়ের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ব্যান্ড ফেস্ট’।
বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন অনুষ্ঠিত হলো ব্যান্ডসংগীতের তারকাবহুল উৎসব। তাই আয়োজনেও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ-এলিটা করিম গাইলেন জর্জ হ্যারিসনের ‘বাংলাদেশ’ গানটি।
সকাল ১১টা ৩০ মিনিটে স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক ও ১৬টি ব্যান্ড দলের সদস্যদের অংশগ্রহণে উদ্বোধনী আয়োজন। চ্যানেল আই প্রাঙ্গণে সকলের অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠানের নেতৃত্ব দিলেন চ্যানেল আই-এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ।
উদ্বোধনী আয়োজনে স্বাধীন বাংলা বেতারের শব্দ সৈনিকরা গাইলেন ‘বিজয় নিশান উড়ছে ঐ’ গানটি।
এরপরই দেশীয় ব্যান্ডের পথিকৃৎ পোপসম্রাট আজম খানকে স্মরণ করলেন আরেক ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চু। তিনি গাইলেন আজম খানের গান ‘আমি যারে চাইরে, সে থাকে মোরই অন্তরে’ গানটির কিছু অংশ।
মূল অনুষ্ঠান শুরু হয় শিল্পী মেহরীনের গান দিয়ে। দিনভর নিজেদের গান দিয়ে উৎসব প্রাঙ্গণ মাতিয়ে রাখেন অবসকিউর, তীরন্দাজ, জলের গান, ডিফরেন্ট টাচ, দূরবীন, মেট্রিক্যাল, স্পন্দন, তরুণ, স্টোন, সেতার, সারগাম, আনাড়ি, রং, সাসটেইন, হৈচৈ এবং এলআরবিসহ ১৬টি ব্যান্ড দল।
ব্যান্ড ফেষ্ট উপস্থাপনা করেন অপু মাহফুজ, সাফি আহমেদ ও দিলরুবা সাথী। প্রযোজনা করেন অনন্যা রুমা।
উৎসব প্রাঙ্গণে জনসমাগম খুব একটা না থাকলেও ব্যান্ড ফেস্ট উৎসবটি সরাসরি চ্যানেল আইয়ের মাধ্যমে উপভোগ করেন সারাদেশের দর্শক ও শ্রোতারা।
