শহীদের গানে অন্তু-হিমি’র ‘দূরত্ব’
নতুন গান নিয়ে এলেন জনপ্রিয় সংগীতশিল্পী শহীদ। বৃহস্পতিবার গানটি মুক্ত হয়েছে ইউটিউবে।
দীর্ঘ বিরতির পর নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে হাজির হলেন শহীদ। ‘দূরত্ব’ শিরোনামের এই গানটির ভিডিওতে মডেল হয়েছেন অন্তু করিম ও জেএস হিমি।
লুৎফর হাসানের কথা-সুর ও আমজাদ হোসেনের সংগীতায়োজনে শহীদের গানটির প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে ৩০ নভেম্বর।
গানটি প্রসঙ্গে শহীদ বললেন, “অনেকদিন পর নতুন মিউজিক ভিডিও প্রকাশ হলো আমার। অনেক শ্রম আর ভালোবাসা দিয়ে গান ও ভিডিওটি তৈরি করেছি আমরা। ভালো একটি কাজ হয়েছে।
ভিডিওটি প্রকাশের পর থেকে ভালো সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস, মিউজিক ভিডিওটি সকলের ভালো লাগবে।”
শহীদের ক্যারিয়ারের সুপারহিট গান ‘এক জীবন’-এর মিউজিক ভিডিও থেকে খ্যাতি পাওয়া মডেল ও অভিনেতা অন্তু করিম অভিনয় করেছেন তার নতুন মিউজিক ভিডিওতেও।
শহীদ বললেন, “শুরু থেকে অন্তু যে এখনও আমার মিউজিক ভিডিওগুলোতে কাজ করছে এতে আমি আনন্দিত। মডেল হিসেবে তার পরিচিতি বেশ প্রশংসিত।
হিমিও ভালো কাজ করেছে। সকলের প্রচেষ্টায় একটি ভালো গান শ্রোতা-দর্শককে উপহার দেওয়ার চেষ্টা করেছি।”
মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তানজিম মিশু।
