২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দীপিকার কান্না মুছিয়ে দিলেন শাহরুখ

শাহরুখ খানের উপস্থাপনায় সেলিব্রেটি চ্যাট শো ‘বাতে উইথ দ্য বাদশাহ’তে দীপিকা পাড়ুকোনের চোখের পানি মুছিয়ে দিতে দেখা গেল কিং খানকে!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2017, 07:10 PM

Updated : 11 Oct 2022, 02:47 PM

‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’-এর সাড়াজাগানো জুটি শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে এবার দেখা গেল সেলিব্রেটি চ্যাট শো ‘বাতে উইথ দ্য বাদশাহ’তে।

অনুষ্ঠানে শাহরুখের অতিথি হয়ে এসেছিলেন ‘পদ্মাবতী’ অভিনেত্রী। অনুষ্ঠানের এক পর্যায়ে আবেগঘন এক মুহূর্তে দীপিকার চোখের পানি মুছিয়ে দিয়ে তার মুখে হাসি ফোটাতে দেখা গেল বলিউড ‘কিং অব রোমান্স’ অভিনেতা শাহরুখকে।

ইন্ডিয়া টুডে জানায়, ইন্সটাগ্রামে অনুষ্ঠানের একটি ভিডিও পোস্ট করেছন শাহরুখ। এতে দেখা গেছে অনুষ্ঠানের এক বিশেষ পর্বে দীপিকার মা উজ্জ্বলা পাড়ুকোনের লেখা একটি চিঠি দীপিকাকে পড়ে শুনাচ্ছেন ‘রইস’ অভিনেতা।

চিঠিতে লেখা আছে, “দীপিকা তুমি মানুষের কাছে যত বড় তারকাই হও, আমাদের চোখে তুমি সেই আদরের ছোট্ট দীপিকাই”।

মায়ের লেখা চিঠি পড়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি দীপিকা। লাইট, ক্যামেরা ও সাজ-সজ্জার কথা ভুলে বাচ্চা মেয়ের মতো কান্না শুরু করেন তিনি!

এ সময় দীপিকার পাশে এগিয়ে আসেন শাহরুখ। চোখের পানি মুছিয়ে দিলে মুখে হাসি ফোটে দীপিকার!

এ মুহূর্তে ‘পদ্মাবতী’ বিতর্কে ভারতের উগ্রপন্থী দলের তোপের মুখে রয়েছেন দীপিকা। এ ছবিতে রানি পদ্মিণীকে অসম্মানের অভিযোগ এনে দীপিকার নাক কেটে দেওয়ার হুমকি দিয়েছে শ্রী করনি সেনাদল নামের রাজস্থানের এক ধর্মীয় সংগঠন।

সামনেই আনন্দ এল রাই এর নতুন সিনেমায় শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকাকে। এতে আরও অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা।