২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমির খানের সঙ্গে সিনেমায় কাজ করতে চাই: মানুষী

বিশ্বসুন্দরীর খেতাব জয় করে সদ্যই ভারতে ফিরেছেন মানুষী ছিল্লর। চিকিৎসাশাস্ত্রে অধ্যয়নরত মানুসী দেশে ফিরেই সাক্ষাৎকারে জানালেন বলিউডে অভিনয়ের বিষয়ে তার আগ্রহের কথা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2017, 07:32 PM

Updated : 12 Apr 2022, 12:48 AM

সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়ার মতো বলিউডের পর্দা মাতাবেন মানুষী এমনটাই আশা ভক্তদের।

বিভিন্ন সংবাদ মাধ্যমে এ নিয়ে প্রকাশিত খবরের প্রেক্ষিতে সাংবাদিকদের মানুষী জানান, আপাতত অভিনয়ের বিষয়ে কিছু না ভাবলেও ভবিষ্যতে আমির খানের সঙ্গে সিনেমায় কাজ করতে চান তিনি!

ইন্ডিয়া টুডে জানায়, দেশে ফিরে সাংবাদিকদের মানুষী বলেন, “এই বছরটা আমার জন্য অত্যন্ত আনন্দের। ভাবতেই ভালো লাগছে আগামী এক বছর ‘মিস ওয়ার্ল্ড’ কর্তৃপক্ষের সঙ্গে দেশ-বিদেশ ঘুরে কাটাব। এ মুহূর্তে এটা নিয়েই ভাবছি।

বলিউড নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই তবে ভবিষ্যতে আমির খানের সঙ্গে কোনো একটা সিনেমায় কাজ করতে চাই।”

এত নায়ক থাকতে কেন আমির খানের সঙ্গেই কাজ করতে চান তিনি?

মানুষীর উত্তর, “আমির খান একজন প্রতিভাবান অভিনেতা। তার সিনেমার গল্প ও বিষয়বস্তু ভিন্নধর্মী। তার ছবির চরিত্রগুলোও বেশ চ্যালেঞ্জিং। এ কারণেই তার সিনেমায় কাজ করতে চাই।”

‘মিস ওয়ার্ল্ড’ আসরে অংশগ্রহণের অভিজ্ঞতা নিয়ে মানুষী বলেন, “প্রথমে আমাকে সবাই বলিউড অভিনেত্রী ভেবেছিল। পরে অবশ্য তাদের ভুল ভাঙে।

আসলে সেখানে আমরা সবাই ছিলাম নতুন এবং কারও কাজের ক্ষেত্রে তেমন কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না।”

সাক্ষাৎকারে মানুষী জানান, তার পছন্দের বলিউড অভিনেত্রী হলেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয় অভিনেত্রীর দেখানো পথেই কি তবে বলিউড মাতাবেন ষষ্ঠ ভারতীয় ‘বিশ্বসুন্দরী’ মানুষী ছিল্লর?

মিস ওয়ার্ল্ড আসরে ‘গোলিও কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার জনপ্রিয় ‘নাগর সঙ্গ ঢোল বাজে’ গানের সঙ্গে ধ্রুপদী নাচে পারদর্শী মানুষীর দুর্দান্ত পারফর্ম্যান্স তেমনটাই আশা যোগাচ্ছে ভক্তদের মনে।