২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দশদিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

‘চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- স্লোগান সামনে রেখে আগামী ১২-২০ জানুয়ারি ২০১৮ শুরু হতে যাচ্ছে ষোড়শ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2017, 06:13 PM

Updated : 12 Apr 2022, 12:48 AM

প্রতিবছরের মতো রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে এবারও আয়োজিত হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

এবারের উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেশন-এ চলচ্চিত্র সমূহ প্রদর্শিত হবে।

ইতিমধ্যেই জুরি নির্বাচন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান রেইনবো চলচ্চিত্র সংসদ।

বাংলাদেশসহ প্রায় ৬০টি দেশের চলচ্চিত্র প্রদর্শনীতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার, সাংবাদিক, চলচ্চিত্র সমালোচক, বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তা, রেইনবো চলচ্চিত্র সংসদ এবং অন্যান্য চলচ্চিত্র সংসদের সদস্যসহ দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব উৎসবে অংশ নিবেন।

বিষয়টি নিশ্চিত করে উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল গ্লিটজকে বলেন, “বিগত তিন দশক ধরে বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গন নানামুখী অবক্ষয়ের শিকার। এর ফলে, সিনেমা হলগুলো আজ দর্শক শূন্যতায় ভুগছে। কিন্তু পাশাপাশি এ কথাও সত্য যে, আমাদের সংখ্যাগরিষ্ঠ দর্শক প্রকৃত চলচ্চিত্র উপভোগে প্রচণ্ড আগ্রহী।

সবচেয়ে শক্তিশালী মাধ্যমটির বর্তমান অবস্থা অসহায় ও করুণ এবং এই শিল্প প্রায় বন্ধ হয়ে যাওয়ার মত।

চলচ্চিত্রের এই ক্রান্তিলগ্নে সুস্থ ধারার চলচ্চিত্র উৎসব আয়োজনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য এবং এমন উৎসব যত বেশি হবে আমাদের দেশের চলচ্চিত্র শিল্পের দৈন্যদশা তত দ্রুত দূরীভূত হবে বলে রেইনবো চলচ্চিত্র সংসদ দৃঢ় বিশ্বাস করে।”

তিনি আরও বলেন, “বিদেশি অতিথি, চলচ্চিত্রের সংখ্যা ও মানের নিরিখে ষোড়শ ঢাকা চলচ্চিত্র উৎসব আগের তুলনায় আরও ব্যাপক ও বর্ণাঢ্য হবে এ আশাবাদ ব্যক্ত করছি।

কেননা, মূলধারার চলচ্চিত্রের বর্তমান সংকটজনক পরিস্থিতিতে দর্শক একটি মানসম্পন্ন চলচ্চিত্র উৎসবের আশায় দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে। ষোড়শ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দর্শকদের সে প্রত্যাশা পূরণে সফল হবে।”

উৎসবের অংশ হিসেবে আগামী ১৩-১৪ জানুয়ারি চলচ্চিত্রে নারীর ভূমিকা বিষয়ক ‘চতুর্থ আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকার্স কনফারেন্স’ আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

এ কর্মশালায় দেশি বিদেশি নারী চলচ্চিত্র নির্মাতা ও ব্যক্তিত্বরা পারস্পরিক মত বিনিময় করতে পারবেন।

এ উৎসবে প্রথমবার ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রিটিকস্ এসোসিয়েশন অব বাংলাদেশ- আইএসিএবি’র আয়োজনে এবং আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ফেডারেশন FIPRESCIÕ’র সহযোগিতায় ‘প্রথম এশিয়ান ফিল্ম ক্রিটিকস্ এ্যাসেম্বেলী-এফসা অনুষ্ঠিত হবে।

এশীয় অঞ্চলের প্রায় ২০ টি দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র সমালোচক এতে অংশ নেবেন। আগামী ১৫-১৬ জানুয়ারি এফসা অনুষ্ঠিত হবে হোটেল লা ভিঞ্চি’তে।

আগামী ০৫-২০ জানুয়ারি ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রিটিকস্ এসোসিয়েশন অব বাংলাদেশ এবং পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের আয়োজনে ‘অষ্টম ঢাকা আন্তর্জাতিক সিনে ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হবে।

এই ওয়ার্কশপে দেশি-বিদেশি ৩০ জন নবীণ চলচ্চিত্র শিক্ষার্থী, সমালোচক ও সাংবাদিক অংশগ্রহণ করবেন।

চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণকারী দেশি-বিদেশি প্রখ্যাত চলচ্চিত্রকার, শিল্পী, কলাকুশলী এই ওয়ার্কশপে প্রশিক্ষণ দেবেন।  ওয়ার্কশপে কোর্স পরিচালনা করবেন অভিডিও সালাজার আব্ আল-লতিফ।

চলচ্চিত্র প্রদর্শন এবং সেমিনারের ভেন্যু হিসেবে এবারে নির্বাচন করা হয়েছে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল ও প্রধান মিলনায়তন।

এছাড়াও, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন, রাশিয়ান কালচার সেন্টার ও স্টার সিনেপ্লেক্সে উৎসবের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।