২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইমরানের সঙ্গে দ্বৈত গানে অন্বেষা দত্ত

ইমরানের সঙ্গে গাইলেন কলকাতার জনপ্রিয় শিল্পী অন্বেষা দত্ত।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2017, 07:45 PM

Updated : 19 Aug 2022, 06:03 PM

বলিউড থেকে টলিউড, হালের জনপ্রিয় সংগীতশিল্পী অন্বেষা দত্ত বাংলাদেশেও আছেন। গাইছেন নিয়মিত বিরতিতে বিজ্ঞাপন আর সিঙ্গল ট্র্যাকে। এবার এ শিল্পী গাইলেন দেশের জনপ্রিয় গায়ক ইমরানের সঙ্গে।

‘লাগে বুকে লাগে’ শিরোনামের গানটি মিউজিক ভিডিও হয়ে শিগগিরই বের হচ্ছে অন্তর্জালে। এরইমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে গানটির টিজার।

অন্বেষা দত্ত বললেন, “কিছু কিছু গানের কথা, সুর আর কম্পোজিশন এমন থাকে যে, গানটার ভেতরেই ‘লাভ এট ফার্স্ট লিসনিং’ বিষয়টা থাকে। ‘লাগে বুকে লাগে’ ঠিক এমনই একটি গান।

ইমরান আমার খুব পছন্দের একজন শিল্পী। তার বেশ কিছু গান আমি শুনেছি। খুবই ভালো লাগে তার গান। এবার একসঙ্গে গাইলাম। আশাকরি গানটির অডিও এবং ভিডিও দর্শক- শ্রোতার ভালো লাগবে।”

 

‘লাগে বুকে লাগে কেন জানিস/ আগলে রাখি তোকে নিজের আগে’ এমন কথার গানটি লিখেছেন জুলফিকার রাসেল। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। গানটি প্রকাশ করছে ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডি এম এস)।

এই গানের ভিডিওতে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন নাদিয়া নদী। গানটির ভিডিও নির্মাণ করেছে প্রোডাকশন হাউজ ‘প্রেক্ষাগৃহ’। গানটির ভিডিও পরিচালনা করছেন-শাহরিয়ার পলক।

ইমরানও বেশ উচ্ছ্বসিত তার নতুন চমক নিয়ে। বললেন, “ ‘লাগে বুকে লাগে’ একটি আবেদনের গান। গানের কথায় জুলফিকার রাসেল ভাই যেমন মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন, তেমনি ভিডিওতে মুন্সিয়ানা দেখিয়েছেন পলক ভাই।

গানটিতে যে আবেদন, আবেগ, অনুভূতি আশা করছি তা দর্শক-শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে । গানের কথার সঙ্গে মিল রেখে বেশ বড় আয়োজনের মিউজিক ভিডিওটিও দর্শকদের ভালো লাগবে।”

প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধ্রুব মিউজিক স্টেশন' (ডিএমএস) সূত্রে জানা যায়, খুব শীঘ্রই তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে ‘লাগে বুকে লাগে। পাশাপাশি গানটি পাওয়া যাবে জিপি মিউজিক এবং ইয়োন্ডার মিউজিকেও।