এক গানে দুই রকার
ব্যক্তিজীবনের নানা ঝড় সামলে গানে ফিরেছেন ‘ওয়ারফেইজ’ ব্যান্ডের সাবেক কণ্ঠশিল্পী মিজান। গানের চিত্রায়ন করেছেন ‘ভাইকিংস’ ব্যান্ডের ভোকাল ও চলচ্চিত্র নির্মাতা তন্ময় তানসেন।
দুই জনপ্রিয় ব্যান্ডের দুই গায়কের অংশগ্রহণে নির্মিত হলো গান ‘তুমি অন্য গ্রহের মানুষ’। গানটির কথা ও সুর করেছেন আহমেদ রাজীব। ওয়ারফেইজ ব্যান্ডের মিজানের কণ্ঠে গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ভাইকিংস ব্যান্ডের ভোকাল ও ‘পদ্ম পাতার জল’ সিনেমার নির্মাতা তন্ময় তানসেন।
পাহাড়ি এলাকার প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে ভিডিওটির গল্প। পাড়াহে বেড়াতে যাওয়া এক আলোকচিত্রীর কতিপয় বখাটের খপ্পরে পড়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিওটি। গানে গানে এগুতে থাকে মিউজিক ভিডিওটির সংলাপহীন গল্প।
ভিডিওটি প্রসঙ্গে মিজান বলেন, ‘গানটা ভালো, সুরটাও সুন্দর। পরিচালকটাও কিন্তু মনের মতো। তন্ময়ের সঙ্গে গান নিয়েই আগে আড্ডা হয়েছে। এবারও হলো। তবে এবার ফ্রেম ও দৃশ্য যুক্ত হয়েছিল আড্ডায়। সুন্দর একটি কাজ বলা যেতে পারে।”
গানটির ভিডিওতে মিজান আছেন কণ্ঠশিল্পীর ভূমিকায় আর এতে মডেল হিসেবে কাজ করেছেন রিমন সরকার ও শারমীন আঁখি।
