২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নৃত্যশিল্পী ঝুনুর মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া

নানা বাধাবিপত্তি ডিঙ্গিয়ে নৃত্যশিল্পের বিকাশে অবদান রেখে যাওয়া নৃত্যশিল্পী রাহিজা খানম ঝুনুর মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2017, 05:35 PM

Updated : 11 Oct 2022, 02:46 PM

পুরনো খবর:

জাসাস নেত্রী নৃত্যশিল্পী ঝুনুর মৃত্যু

তারই হাত ধরে প্রতিষ্ঠা পাওয়া দেশের অগ্রণী নৃত্যশিল্পীরা বলেছেন, তার মৃত্যুতে শুধু নিজেদের ‘গুরুমাতাকেই’ নন, তারা হারিয়েছেন সংস্কৃতি অঙ্গনের ‘বড়’ অভিভাববকে।

নৃত্যশিল্পী ঝুনু রোববার সকাল সাড়ে ৭টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তার মেয়ে ফারহানা চৌধুরী বেবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার মা ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের নানা জটিলতায় ভুগছিলেন দীর্ঘদিন থেকে। ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টও দেওয়া হয়েছিল দুই দফায়। পরে মঙ্গলবার সকালে চিকিৎসকরা তার লাইফ সাপোর্ট খুলে নিয়ে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল থেকে ঝুনুর মরদেহ নিয়ে যাওয়া হয় পুরান ঢাকার কায়েৎটুলীর বাসায়। সেখানে প্রথম দফা জানাজা শেষে তার মরদেহ আনা হয় শিল্পকলা একাডেমিতে।

সেখানে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার আয়োজনে শ্রদ্ধা জানায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমিসহ সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের চোখে রাহিজা খানম ঝুনু ছিলেন ‘শেকল ভাঙ্গার অনুপ্রেরণা’।

তিনি বলেন, “পাকিস্তান শাসনামলে বাঙালি সংস্কৃতি চর্চা ভীষণ কঠিন ছিল, নৃত্যচর্চা তো দুরূহ ব্যাপার ছিল। তারপর মেয়েদের সংস্কৃতি চর্চায় সামাজিক, পারিবারিক, ধর্মীয় হাজারো বাধা এসেছিল। রাহিজা খানম ঝুনু সেসব প্রতিকূলতা আর প্রতিবন্ধকতাকে জয় করে নৃত্যচর্চা শুরু করলেন।

“অসম সাহসিকতা, নিষ্ঠা আর অধ্যবসায়ে তিনি নৃত্যচর্চাকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। শুধু তাই নয়, নৃত্যে একটি নতুন ধারা তৈরি করে সারা দেশে তার অসংখ্য শিক্ষার্থী তৈরি করে গেছেন। তার শিক্ষার্থীরাই তার ধারাকে অব্যাহত রাখবে।”

সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, “আইয়ুব সরকারের শাসনামলে তিনি নৃত্যকলাকে প্রতিষ্ঠা করতে যে চ্যালেঞ্জ নিয়েছিলেন, তা সংস্কৃতি অঙ্গন আরো বহুদিন স্মরণ করবে। তিনি যখন ‘নকশি কাঁথার মাঠ’ মঞ্চস্থ করলেন, তখন তা আমাদের সংস্কৃতিতে হয়ে গেল এক বড় ইতিহাস।”

শিল্পকলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, “আমি জানি, খুব কম নৃত্যশিল্পী আছেন যারা তার সান্নিধ্য পাননি। বিভিন্ন প্রজন্মের নৃত্যশিল্পীদের তিনি প্রভাবান্বিত করে গেছেন।”

রাহিজা খানম ঝুনু যখন বাফায় শিক্ষকতা করতে  আসেন, তখন তার প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন প্রবীণ নৃত্যশিল্পী লায়লা হাসান।

তিনি বলেন, “ষাটের দশকে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে তিনি পল্লীকবি জসীম উদ্দীনের ‘নকশি কাঁথার মাঠ’ নৃত্যনাট্যটি যখন মঞ্চায়ন করলেন, তখন চারপাশে সাড়া পড়ে গেল। তার অনুপ্রেরণাতেই পরে নৃত্যশিল্পের সঙ্গে বাংলার মেয়েরা যুক্ত হওয়া শুরু করল। এভাবে তিনি হয়ে উঠেছিলেন আমাদের সবার গুরুমাতা।

Image
নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে নৃত্যশিল্পী রাহিজা খানম ঝুনুর জানাজা

নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে নৃত্যশিল্পী রাহিজা খানম ঝুনুর জানাজা

“সদালাপী এই মানুষটি সবাইকে ভীষণভাবে মাতিয়ে রাখতেন। তিনি চলে গেছেন, আমার মনে হচ্ছে, মাথার উপর থেকে যেন ছাদ হারিয়ে ফেললাম আমরা।”

নৃত্যশিল্পী শর্মিলী বন্দ্যোপাধ্যায় বলেন, “ঝুনু আপা আমাদের মাথার উপর ছিলেন ছায়ার মতো, বড় নির্ভরতার নাম ছিলেন তিনি। তিনি শুধু নাচই শেখাননি, নৃত্য সংগঠন তৈরিতেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা গড়ে তোলার পেছনে তার বড় অবদান রয়েছে। তিনি আলো জ্বেলে গেছেন, আমরা সেই আলোর মশালটাকে এগিয়ে নিয়ে যাব।”

রাহিজা খানম ঝুনুর আরেক শিক্ষার্থী শামীম আরা নীপা বলেন, “শিল্পের প্রতি এত ভালোবাসা আমি কম মানুষের মধ্যে দেখেছি। তিনি সবসময় বলতেন, ভালো শিল্পী হতে গেলে আগে ভালো মানুষ হও। ভালো মানুষের বড় দৃষ্টান্ত ছিলেন ঝুনু আপা।”

নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ বলেন, “ঝুনু আপার এই ভালো মানুষি ব্যাপারটা অনুকরণ করতে পারলে তার প্রতি শ্রদ্ধা জানানো হবে। আমি যে এই মানুষটির কাছ থেকে মায়ের মতো ভালোবাসা পেয়েছি, তাকে কখনো ভুলতে পারব না।”

পরে নৃত্যশিল্পী সংস্থার পক্ষ থেকে সভাপতি মিনু হক বলেন, “নাচটাকে অন্তর থেকে ভালোবেসেছেন ঝুনু আপা।  এত মোহনীয় ছিলেন তিনি, আমি এখনো তার পারফরম্যান্সের কথা ভাবলে শিহরিত হই।  শিল্পের প্রতি ভালোবাসাটা তার শেষ দিন পর্যন্ত ছিল। ”

মিনু হক জানান, শিগগিরই ‘নৃত্যগুরুমাতা’ রাহিজা খানম ঝুনুর স্মৃতিতর্পণের উদ্দেশ্যে একটি স্মরণসভা করবেন।

পরে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, নৃত্যাঞ্চল, দিব্য সাংস্কৃতিক সংগঠন, ঝংকার ললিতকলা একাডেমি, পল্লবী ড্যান্স সেন্টার, নৃত্যাক্ষ, বাংলাদেশ সাংস্কৃতিক কর্মী সংঘ, স্পন্দন ও বাংলাদেশ থিয়েটার মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে।

শ্রদ্ধা নিবেদন পর্বের শেষে রাহিজা খানম ঝুনুর বড় ছেলে আহসান উল্লাহ তার মায়ের জন্য দোয়া চান।

মেয়ে ফারহানা চৌধুরী বেবী জানান,  মরদেহের কথা বিবেচনা করে তারা সোমবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানটি করছেন না। শিল্পকলা একাডেমির পরে তারা মরদেহ নিয়ে যান নয়া পল্টনের বিএনপির কার্যালয়ের সামনে।

পরে ঝুনুর মরদেহ নিয়ে রাখা হবে ফ্রিজিং ভ্যানে। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে ময়মনসিংহের ভালুকায়।  সোমবার দুপুরে স্বামী সাবেক সাংসদ আমান উল্লাহ চৌধুরীর কবরের পাশে শেষ নিদ্রায় শায়িত হবেন ঝুনু।

রাহিজা খানম ঝুনু ১৯৪৩ সালের ২১ জুন মানিকগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। বাবা আবু মোহাম্মদ আবদুল্লাহ খান ছিলেন পুলিশ কর্মকর্তা এবং মা সফরুন নেছা।

১৯৫৬ সালে ঝুনু নৃত্যে তালিম নিতে বুলবুল ললিতকলা একাডেমি- বাফায় ভর্তি হন। তিনি ছিলেন বাফার প্রথম ব্যাচের শিক্ষার্থী। ১৯৬০ সালে বাফা থেকে পাস করে তিনি সেখানেই নৃত্যশিক্ষক হিসেবে যোগ দেন এবং ১৯৯৮ সালে অধ্যক্ষর দায়িত্ব নেন। তিনি নৃত্যশিল্পী সংস্থার সভাপতির দায়িত্ব পালন করেন।

রাহিজা খানম ঝুনু তার কাজের স্বীকৃতি স্বরূপ অনেক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। ১৯৯৪ সালে তিনি পান একুশে পদক। তার পাওয়া উল্লেখযোগ্য পুরস্কার ও সম্মাননার মধ্যে রয়েছে বাংলা একাডেমি ফেলোশিপ, বুলবুল ললিতকলা একাডেমি সংবর্ধনা, বেনুকা ললিতকলা একাডেমি পুরস্কার, শিল্পকলা একাডেমি কর্তৃক গুণীজন সংবর্ধনা, রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থা কর্তৃক শ্রদ্ধাঞ্জলি, বুলবুল চৌধুরী স্মৃতি পদক।